কোটচাঁদপুর প্রতিনিধি
কোটচাঁদপুরে জাতীয় যুব দিবস পালিত, দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান ছবি: ধ্রুব নিউজ
ঝিনাইদহের কোটচাঁদপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) আসনের সংসদ সদস্য মো. মতিয়ার রহমান।
কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক মো. আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র গণমানুষের নেতা এস কে এম সালাহউদ্দিন বুলবুল সিডল, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাষ্টার মোঃ আজিজুর রহমান, সাবেক সেক্রেটারি ও মিডিয়া বিভাগের প্রধান মুহাঃ শরিফুল ইসলাম এবং পৌর জামায়াতের আমির মাওলানা কাইয়ুম হুসাইন, উপজেলা বিএনপির সাবেক নেতা ও সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ ইকরামুল হক নেতৃবৃন্দ।
এ ছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, যুব সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।
দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি কোটচাঁদপুর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও সমৃদ্ধির অন্যতম চালিকাশক্তি যুবসমাজ। তরুণদের মেধা, শ্রম, দক্ষতা ও সৃজনশীলতাকে কাজে লাগাতে পারলে একটি আত্মনির্ভরশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এজন্য যুবকদের কারিগরি ও কর্মমুখী শিক্ষায় দক্ষ করে গড়ে তোলার পাশাপাশি আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা সৃষ্টির সুযোগ বাড়াতে হবে।
প্রধান অতিথি সংসদ সদস্য মো. মতিয়ার রহমান বলেন, দেশের যুবসমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে। বেকারত্ব দূরীকরণে প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণ, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তরুণ উদ্যোক্তাদের প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা জরুরি। যুবকদের শুধু চাকরির প্রত্যাশী না হয়ে নিজেদের দক্ষতা কাজে লাগিয়ে উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে।
বক্তারা আরও বলেন, যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে পরিবার, সমাজ ও প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের সহজ শর্তে ঋণ ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া গেলে তারা নিজেরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি অন্যদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবেন।
আলোচনা সভায় জাতীয় যুব দিবসের তাৎপর্য তুলে ধরে দক্ষ, আত্মনির্ভরশীল ও কর্মমুখী যুবসমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন কোটচাঁদপুর উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ শামসুর আলম। আলোচনা শেষে ৫০ জন অধিক যুব দের মাঝে চেক বিতরন করা হয়।