বেনাপোল প্রতিনিধি
শার্শায় জাতীয় যুব দিবস পালিত, যুব ঋণের চেক ও সম্মাননা প্রদান ছবি: ধ্রুব নিউজ
‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ প্রতিপাদ্যে যশোরের শার্শায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার (১ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা, যুব উদ্যোক্তাদের মধ্যে ঋণের চেক বিতরণ এবং সফল যুব সংগঠনগুলোর হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ। প্রধান অতিথি ছিলেন যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য মাওলানা মুহাম্মদ আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির। বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে যুবসমাজকে দক্ষ, কর্মক্ষম ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলা জরুরি। যুবকদের মাদকসহ সব ধরনের নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রেখে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। প্রধান অতিথি তাঁর বক্তব্যে যুবসমাজকে দেশের প্রাণশক্তি উল্লেখ করে উন্নয়ন কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান। ইউএনও ফজলে ওয়াহিদ বলেন, তরুণদের দক্ষ মানবসম্পদে পরিণত করতে প্রশিক্ষণ ও ঋণ সহায়তার সুযোগ কাজে লাগাতে হবে।
আলোচনা সভা শেষে যুব উদ্যোক্তাদের হাতে যুব ঋণের চেক এবং সফল যুব সংগঠনগুলোর প্রতিনিধিদের হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, যুব উন্নয়ন অধিদপ্তরের প্রতিনিধি, যুব সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।