নিজস্ব প্রতিবেদক
সাবিকুন্নাহার শুকরিয়া ছবি: ধ্রুব নিউজ
ভবিষ্যতে ইউরোপের কোনো নামকরা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করে একজন দক্ষ আইনজীবী হওয়ার স্বপ্ন দেখছেন সাবিকুন্নাহার শুকরিয়া। চলতি বছর যশোর শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পেয়ে এই অদম্য প্রতিভাবান শিক্ষার্থী তার সাফল্যের প্রথম ধাপ সফলভাবে অতিক্রম করেছেন।
শুকরিয়া যশোরের চৌগাছা উপজেলার পাশাপোল আমজামতলা মডেল কলেজ থেকে মানবিক শাখায় এইচএসসি পরীক্ষায় অংশ নেন। তার এই কৃতিত্বপূর্ণ ফলাফলে আনন্দিত পরিবার, শিক্ষক ও এলাকাবাসী।
শুকরিয়া চৌগাছা উপজেলার কামরুজ্জামান ও মোমেনা খাতুন দম্পতির কন্যা। সাধারণ একটি পরিবার থেকে উঠে এসেও নিজের অধ্যাবসায় ও কঠোর পরিশ্রমের জোরে তিনি এই সাফল্য অর্জন করেছেন। তার এই সাফল্যের পেছনে বাবা-মায়ের অবদান এবং শিক্ষকদের অসামান্য অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেছেন তিনি।
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে সাবিকুন্নাহার শুকরিয়া বলেন, “আমার এই ফলাফলের পেছনে আমার বাবা-মা, শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ এবং শুভাকাঙ্ক্ষীদের অনেক দোয়া ও সহযোগিতা রয়েছে। সবার অনুপ্রেরণা ছাড়া এই পথচলা সহজ হতো না। আমি সবার প্রতি কৃতজ্ঞ।”
আইন পেশায় আসার অনুপ্রেরণা সম্পর্কে তিনি জানান, সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মানুষের অধিকার আদায়ে কাজ করার দীর্ঘদিনের ইচ্ছে রয়েছে তার। তাই ভবিষ্যতে উচ্চশিক্ষার জন্য ইউরোপের কোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে অধ্যয়ন করতে চান তিনি। পড়ালেখা শেষ করে দেশের একজন প্রতিষ্ঠিত আইনজীবী হয়ে সাধারণ মানুষের সেবা করার প্রত্যয় ব্যক্ত করেছেন এই কৃতি শিক্ষার্থী।
শুকরিয়ার এমন স্বপ্নীল ভবিষ্যৎ কামনায় তার পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।