নিজস্ব প্রতিবেদক
ছবি: প্রতীকী
যশোরে পারিবারিক বিরোধ ও পূর্বশত্রুতার জেরে এক নারী ব্যাংকারকে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যাচেষ্টার অভিযোগে আদালতে মামলা হয়েছে। বৃহস্পতিবার শহরের আরএন রোড এলাকার বাসিন্দা ও বাংলাদেশ ফাইন্যান্স পিএলসি-এর আরএন রোড শাখায় কর্মকর্তা সাবিনা ইয়াসমিন বাদী হয়ে এ মামলা করেছেন।
সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল অভিযোগের তদন্ত করে কোতোয়ালি থানার ওসিকে প্রতিবেদন জমা দেওয়ার আদেশ দিয়েছেন। কোতোয়ালি আসামিরা হলো বাদীর সাবেক সতীন বেজপাড়া এলাকার লাবনী আক্তার ও তার মা জোসনা বেগম।
মামলায় অভিযোগে জানা গেছে, লাবনী আক্তারের সাথে তার স্বামী জিতুর বিবাহ বিচ্ছেদের পর থেকেই লাবনী আক্তার ও তার মা জোসনা বেগম তার ওপর ক্ষুব্ধ হন। গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে যশোর শহরের আরএন রোডস্থ সোনালী ব্যাংকের নিচে সাবিনা ইয়াসমিনকে পেয়ে আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়।
পরে আহত সাবিনা ইয়াসমিনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কিছুটা সুস্থ হয়ে তিনি আদালতে এ মামলা করেছেন।