ধ্রুব ডেস্ক
ছবি: প্রতীকী
যশোর শহরের নাজির শংকরপুর এলাকার মা-মেয়েকে অপহরণের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার ভুক্তভোগী পরিবারের সদস্য মো. আকাশ বাদী হয়ে এই অভিযোগ দেন।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে, যশোর শহরের নাজির শংকরপুর এলাকার বাসিন্দা আকাশের মেয়ে সিজা খন্দকার বিবাহিত এবং তার স্বামী বর্তমানে বিদেশে অবস্থান করছেন। বিবাদী শরীফ আল মামুন নোবেল দীর্ঘদিন ধরে সিজাকে বিভিন্নভাবে উত্যক্ত করে আসছিল। বিষয়টি সিজার পরিবারের পক্ষ থেকে নোবেলের পরিবারকে জানানো হলেও তারা কোনো পদক্ষেপ নেয়নি। উল্টো এতে ক্ষিপ্ত হয়ে নোবেল সিজার ক্ষতি করার হুমকি দেয়।
সম্প্রতি সিজা অসুস্থ হয়ে পড়লে তাকে যশোর শহরের নোভা হসপিটালে ভর্তি করা হয়। গত ৩ জুন গভীর রাতে বিবাদীরা হসপিটালে ঢুকে চিকিৎসাধীন সিজা খন্দকার ও তার মাকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। অপহরণের পর বিবাদী নোবেল মোবাইল ফোনের মাধ্যমে সিজার পরিবারকে জানায় যে, সে মা-মেয়েকে ঢাকায় নিয়ে এসেছে। এরপর থেকেই তার ফোনটি বন্ধ পাওয়া যায়।
এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তাদের কোনো সন্ধান না পেয়ে অবশেষে থানায় অভিযোগ দায়ের করেন।
এ মামলায় অভিযুক্তরা হলো— যশোর শহরের খড়কী এমএম কলেজ পোস্ট অফিস গেট এলাকার শরীফ আব্দুল্লাহ ও তার দুই ছেলে শরীফ আল মামুন নোবেল ও শরীফ আল মামুন হিমেল এবং নাজির শংকরপুর এলাকার মীর হাফিজের মেয়ে নিলুফার বেগম।
কোতোয়ালি থানার ওসি (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, মা-মেয়েকে অপহরণের বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।