নিজস্ব প্রতিবেদক
আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে জেলার পশুর হাটের ইজারাদারদের সাথে জেলা পুলিশের এক আইন-শৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।
সভায় পুলিশ সুপার বলেন, আসন্ন ঈদ ও পশুর হাটের সার্বিক সুরক্ষায় জেলা পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। হাটে আগত ক্রেতা ও বিক্রেতাদের নিরাপত্তার জন্য বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন থাকবে, যারা সাদা পোশাকে এবং ইউনিফর্মে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। পশুর হাট বা রাস্তায় কোনো ধরনের চাঁদাবাজির চেষ্টা করা হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই জাতীয় কোনো অপরাধের তথ্য পেলে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানোর জন্য তিনি আহ্বান জানান।
তিনি আরও বলেন, ঈদ ও পশুর হাটকে সামনে রেখে সাধারণত জাল টাকার প্রবণতা লক্ষ্য করা যায়। এ ব্যাপারে সকলকে সতর্ক থাকার পরামর্শ দেওয়ার পাশাপাশি জাল টাকা প্রতিরোধে প্রতিটি পশুর হাটে সনাক্তকরণ মেশিনের ব্যবস্থা রাখার জন্য ইজারাদারদের অনুরোধ করেন।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডিএসবি অতিরিক্ত পুলিশ সুপার সাখাওয়াত হোসেন, ডিআই-১ (যশোর) এবং জেলার বিভিন্ন পশুর হাট থেকে আগত ইজারাদারবৃন্দ।