নিজস্ব প্রতিবেদক
যশোরে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতার প্রতিবাদে বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
‘নারী ও কন্যা নির্যাতন এবং সামাজিক অনাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলন গড়ে তুলুন’ এই আহ্বানে মঙ্গলবার বিকেলে যশোর শহরের ভৈরব চত্বরে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মহিলা পরিষদ যশোর জেলা শাখার উদ্যোগে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এটি আয়োজিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য হাবিবা শেফা। এতে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন আইনজীবী অ্যাডভোকেট আবুল হোসেন, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী যশোর জেলা সংসদের সভাপতি অ্যাডভোকেট আমিনুর রহমান হিরু, আইইডি যশোর কেন্দ্রের ব্যবস্থাপক বীথিকা সরকার, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ যশোর জেলা কমিটির সাধারণ সম্পাদক তসলিমুর রহমান এবং নারী মুক্তি পরিষদের আহ্বায়ক সখিনা বেগম দৃপ্তিসহ অন্যান্য নেতৃবৃন্দ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যশোর জেলা কমিটির লিগ্যাল এইড সম্পাদক অ্যাডভোকেট কামরুন নাহার কনা।