নিজস্ব প্রতিবেদক
সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ী মহসিন ছবি: ধ্রুব নিউজ
হেরোইন উদ্ধারের মামলায় শার্শার বেনাপোলের ভবেরবেড় গ্রামের মাদক ব্যবসায়ী মহসিনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন যশোরের একটি আদালত। মঙ্গলবার অতিরিক্ত দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক শাহীদুল ইসলাম এ রায় দেন। সাজাপ্রাপ্ত মহসিন ভবেরবেড় গ্রামের মৃত কালু শেখের ছেলে। বিষযটি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) মো. আজিজুল ইসলাম।
মামলার বিবরণ সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ১১ ডিসেম্বর সকালে বেনাপোল পোর্ট থানা-পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ভবেরবেড় গ্রামের রিয়াজুল ইসলামের বাড়ির সামনে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে মহসিনকে আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ বাদী হয়ে আটক মহসিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। মামলাটির তদন্ত শেষে ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ততা পেয়ে আসামি মহসিনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা।
দীর্ঘ সাক্ষ্য গ্রহণ ও শুনানি শেষে আসামি মহসিনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ বিচারক তাঁকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত মহসিন বর্তমানে কারাগারে আটক রয়েছেন।