তহীদ মনি
যশোর শিক্ষা বোর্ডের লোগো ছবি: সংগৃহীত
এসএসসি পরীক্ষার ফলাফল পছন্দ না হওয়ায় যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে উত্তরপত্র পুনঃনিরীক্ষার জন্য ৭৪ হাজার ৭১৭টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে ইংরেজি বিষয়ে এবং সবচেয়ে কম আবেদন জমা পড়েছে খ্রিষ্টধর্ম বিষয়ে। এবারই প্রথম আবেদনকারীদের খাতা পুনঃনিরক্ষণ করা হবে।এরআগে শুধুমাত্র প্রাপ্ত নম্বর যোগে করে দেখা হতো।
যশোর শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, এ বছর অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় বোর্ডের অধীনে মোট ১ লাখ ৩২ হাজার ৯৪০ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৮৮ হাজার ৯৭ জন এবং গড় পাসের হার ৬৬.২৭ শতাংশ। প্রকাশিত এই ফলাফল যাদের মনঃপূত হয়নি, তাদের জন্য ফলাফল প্রকাশের পর ৭ দিন (১৭ আগস্ট পর্যন্ত) পুনঃনিরীক্ষার আবেদনের সুযোগ দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে সংক্ষুব্ধ শিক্ষার্থীরা এই বিপুল সংখ্যক আবেদন দাখিল করে।
বোর্ডের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে ইংরেজি ১ম ও ২য় পত্রের জন্য—প্রতিটি বিষয়ের বিপরীতে ১৫ হাজার ৩৪৩টি করে। অন্যদিকে, সবচেয়ে কম আবেদন পড়েছে খ্রিষ্টধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ে, মাত্র ৪টি।
অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে গণিতে ৭ হাজার ১৭টি এবং উচ্চতর গণিতে ৩ হাজার ৯টি আবেদন জমা পড়েছে। পাশাপাশি বাংলা ১ম ও ২য় পত্রের জন্য ৩ হাজার ৭১৩টি করে আবেদন এসেছে। এ ছাড়া রসায়ন, পদার্থবিজ্ঞান ও জীববিজ্ঞান বিষয়ে ৪ হাজার ও ৩ হাজারের অধিক আবেদন জমা পড়েছে।
সার্বিক বিষয়ে যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম হোসেন আলী জানান, "নিয়ম অনুযায়ী খাতা পুনঃনিরীক্ষার কাজ পরিচালিত হবে। আগামী এক মাসের মধ্যে এই পুনঃনিরীক্ষার ফলাফল প্রকাশ করার ইচ্ছে আছে। সরকারের সকল নির্দেশনা মেনে বোর্ডের কাজ সম্পন্ন করা হচ্ছে।"