কোটচাঁদপুর প্রতিনিধি
ছবি: ধ্রুব নিউজ
ঝিনাইদহের কোটচাঁদপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ফুটাং মন্ডল (৫০) নামে যুবলীগের এক সাবেক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১১ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ফুটাং মন্ডল উপজেলার দোড়া ইউনিয়নের চুয়াডাঙ্গা গ্রামের ইসলাম মন্ডলের ছেলে। তিনি দোড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
পুলিশ জানায়, গত ২১ সেপ্টেম্বর দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি কোটচাঁদপুর থানার ১৬ নম্বর মামলা; জিআর নম্বর ১১৮/২৬। এতে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় অভিযোগ আনা হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও পুলিশি রেকর্ড যাচাইয়ে তার বিরুদ্ধে আগের কোনো মামলার তথ্য পাওয়া যায়নি। তবে চলমান মামলার এজাহার ও তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।