নিজস্ব প্রতিবেদক
ছবি: ভিডিও থেকে নেওয়া
যশোরে আলমসাধু (ইঞ্জিন ভ্যান) চুরির অভিযোগে সংঘবদ্ধ পিটুনিতে মিজানুর রহমান (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় মনিরুজ্জামান (৪৬) নামে আরও একজন আহত হয়েছেন এবং জীবন বাঁচাতে বাওড়ের পানিতে ঝাঁপ দিয়ে আল আমিন (৪০) নামের আরেকজন নিখোঁজ রয়েছেন।
রোববার (১১ অক্টোবর) সকালে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে। এর আগে গত শনিবার (১০ অক্টোবর) গভীর রাতে যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের চান্দুটিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নারাঙ্গালী গ্রাম থেকে একটি স্যালোমেশিন চালিত ভ্যান (আলমসাধু) চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন বিষয়টি চান্দুটিয়া গ্রামের বাসিন্দাদের জানান। খবর পেয়ে চান্দুটিয়ার লোকজন ধাওয়া করে তিনজনকে আটকানোর চেষ্টা করেন। এ সময় দুজনকে ধরে সংঘবদ্ধ পিটুনি দেওয়া হয়। এতে মিজানুর রহমান নিহত এবং মনিরুজ্জামান আহত হন। অন্যদিকে, জীবন বাঁচাতে আল আমিন পাশের বাওড়ের পানিতে ঝাঁপ দিলে তিনি নিখোঁজ হন।
নিহত মিজানুর রহমান চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নের কালিয়াকুন্ডি গ্রামের বাসিন্দা। আহত মনিরুজ্জামানের বাড়ি ঝিকরগাছা উপজেলার রামচন্দ্রপুর গ্রামে। আর নিখোঁজ আল আমিন ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাসিন্দা এবং তিনি নিহত মিজানুর রহমানের ভায়রা ভাই।
খবর পেয়ে সাজিয়ালি পুলিশ ফাঁড়ির পুলিশ ও কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে যায়। কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, রোববার বেলা সাড়ে ১০টার দিকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত মনিরুজ্জামানকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া নিখোঁজ আল আমিনকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল চেষ্টা চালাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে।