চৌগাছা (যশোর) প্রতিনিধি
ছবি: ধ্রুব নিউজ
‘দ্রুত ব্যবস্থা নিন, জীবন বাঁচান’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের চৌগাছায় আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালি শেষে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে সর্পদংশন প্রতিরোধ ও করণীয় বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মু. আহসানুল মিজান রুমীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা সর্পদংশনের পর প্রচলিত ভুল ও ঝুঁকিপূর্ণ পদ্ধতি অনুসরণ না করে রোগীকে দ্রুত হাসপাতালে নেওয়ার গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে সরকারি হাসপাতালে সাপের কামড়ের আধুনিক চিকিৎসা ও পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুত থাকার বিষয়ে জনসাধারণকে সচেতন করা হয়।