নিজস্ব প্রতিবেদক
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের শতবর্ষ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে শিল্পাঙ্গন যশোর। ছবি: ধ্রুব নিউজ
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের শতবর্ষ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে শিল্পাঙ্গন যশোর। শুক্রবার বিকেলে শহরের বেজপাড়া শ্রীধর পুকুর পাড়স্থ সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক কমিশনার মনিরুজ্জামান মাসুম। শিল্পাঙ্গন যশোরের সভাপতি হাসান হাফিজুর রহমানের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সন্তু বিশ্বাস।
আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে কবি নজরুলের কবিতা আবৃত্তি, সংগীত ও নৃত্য পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। আবৃত্তিতে অংশ নেন চন্দ্রিমা হালদার, শ্রুতি রায় ও সেলিম হোসেন বিজয়। সংগীতে ছিলেন তূর্য কর্মকার ও চৈতি হালদার। এছাড়া নৃত্য পরিবেশন করেন আঁখি, প্রত্যাশা, অনুপ্রভা, শ্রেয়া, মৃত্তিকা, বিপ্রমা ও চৈতি।
আলোচনা সভায় বক্তারা জাতীয় জীবনে নজরুলচর্চা আরও বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক সবুজ রহমান। সবশেষে সংগঠনের নিজস্ব শিল্পীদের পরিবেশনায় দলীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।