নিজস্ব প্রতিবেদক
রঙ, তুলির আঁচড় আর শিশুদের কল্পনার উচ্ছ্বাসে মুখর হয়ে উঠেছিল যশোর জিমনেসিয়াম। ছবি: ধ্রুব নিউজ
রঙ, তুলির আঁচড় আর শিশুদের কল্পনার উচ্ছ্বাসে মুখর হয়ে উঠেছিল যশোর জিমনেসিয়াম। বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে চারুপীঠ আর্ট রিসার্চ ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত শিশু-কিশোর চিত্রাঙ্কন উৎসব ‘রঙে রেখায় সুলতান’ শুক্রবার উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
সকালের শুরু থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে শিশু-কিশোররা অভিভাবকদের সঙ্গে জিমনেসিয়ামে ভিড় জমায়। হাতে রঙ, পেন্সিল ও ক্যানভাস নিয়ে তারা মেতে ওঠে সৃজনশীলতার আনন্দে। দিনভর আঁকা ছবিতে ফুটে ওঠে প্রকৃতি, গ্রামীণ জীবন, কৃষকের সংগ্রাম এবং শিল্পী এস এম সুলতানের শিল্পভাবনার নানা অনুষঙ্গ।
চারুপীঠ যশোরের সাধারণ সম্পাদক কাজী মামুুনুর রশীদ জানান, এবারের উৎসবে ৬২০ জন শিশু-কিশোর অংশগ্রহণ করেছে, যা জেলার সাম্প্রতিক সময়ের অন্যতম বৃহৎ শিশু চিত্রাঙ্কন উৎসব।
প্রতিকূল আবহাওয়ার সম্ভাবনার কারণে অংশগ্রহণকারীদের নিরাপত্তার কথা বিবেচনা করে শেষ মুহূর্তে অনুষ্ঠানস্থল পরিবর্তন করে যশোর জিমনেসিয়ামে আয়োজন করা হয়। তবে স্থান পরিবর্তন উৎসবের আনন্দে কোনো প্রভাব ফেলতে পারেনি। শিশু, অভিভাবক, শিক্ষক ও অতিথিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো আয়োজন সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়।
উৎসবস্থলে ছিল এক বর্ণিল আবহ। শিশুদের ছবিতে যেমন ফুটে উঠেছে সৃজনশীলতার প্রকাশ, তেমনি অভিভাবকদের মুখেও ছিল আনন্দের ছাপ। অনেকেই এই আয়োজনকে শিশুদের শিল্পচর্চা ও সাংস্কৃতিক বিকাশে গুরুত্বপূর্ণ উদ্যোগ বলে অভিহিত করেন।
আগামী ১৪ আগস্ট বিকেল সাড়ে ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি যশোর মিলনায়তনে উৎসবের পুরস্কার বিতরণী, সনদপত্র প্রদান, সৃজনশীলতা সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান চারুপীঠ। অনুষ্ঠানে সব অংশগ্রহণকারী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়েছে।