ডেভিড আলাবা ছবি: গেটি ইমেজেস
রিয়াল মাদ্রিদের সাথে অস্ট্রিয়ান ডিফেন্ডার ডেভিড আলাবার অধ্যায়ের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটতে চলেছে। চলতি মৌসুম শেষেই সান্টিয়াগো বার্নাব্যু ছাড়ছেন তিনি। দীর্ঘ পাঁচ বছর স্প্যানিশ ক্লাবটিতে কাটানোর পর, ক্লাব কর্তৃপক্ষ তার সাথে চুক্তির মেয়াদ আর না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। গত শুক্রবার রিয়াল মাদ্রিদ আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেয়। তবে ৩৩ বছর বয়সী এই তারকার পরবর্তী গন্তব্য ঠিক কোথায়, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
রিয়াল মাদ্রিদে আলাবার চুক্তি শেষের বিষয়টি বেশ কয়েক সপ্তাহ ধরেই ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর নজরে ছিল। জনপ্রিয় ক্রীড়া মাধ্যম ‘ইএসপিএন’-এর প্রতিবেদন অনুযায়ী, ইংলিশ প্রিমিয়ার লীগের জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড এই অভিজ্ঞ ডিফেন্ডারকে দলে নিতে বেশ আগ্রহী। অন্যদিকে, ইতালিয়ান ক্লাব এসি মিলানও তাকে দলে ভেড়ানোর সম্ভাবনা খতিয়ে দেখছে। বিখ্যাত দলবদল বিশেষজ্ঞ ও সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্র (ইউএসএ) এবং সৌদি আরবের বেশ কয়েকটি ক্লাবও আলাবার পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে।
২০২১ সালে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ থেকে ফ্রি ট্রান্সফারে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন আলাবা। স্প্যানিশ ক্লাবটির হয়ে তিনি দুটি চ্যাম্পিয়ন্স লীগ এবং দুটি লা লিগাসহ অসংখ্য শিরোপা জিতেছেন। তবে মাদ্রিদে তার এই সোনালী সময়টা বারবার থমকে গেছে ইনজুরির কারণে। ২০২৩ সালের শেষের দিকে ক্রুশিয়েট লিগামেন্ট ফেটে যাওয়ায় এক বছরেরও বেশি সময় মাঠের বাইরে থাকতে হয়েছিল তাকে। এরপর ২০২৫ সালের গ্রীষ্মে মেনিসকাসের ইনজুরি তাকে আবারও দীর্ঘ সময়ের জন্য ছিটকে দেয়। ঘন ঘন ইনজুরির ধাক্কায় চলতি মৌসুমে রিয়ালের হয়ে মাত্র ১৫টি প্রতিযোগিতামূলক ম্যাচে মাঠে নামার সুযোগ পেয়েছেন এই অস্ট্রিয়ান তারকা।
সান্তিয়াগো বার্নাব্যুতে বিদায়ী সংবর্ধনা
চুক্তি নবায়ন না করলেও আলাবার প্রতি নিজেদের শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে ভুল করেনি রিয়াল মাদ্রিদ। এক বিবৃতিতে ক্লাবটি জানায়:
"আমাদের ইতিহাসের অন্যতম সফল একটি অধ্যায়ের অংশ ছিলেন ডেভিড আলাবা। তার এই অবদান ও নিবেদনের জন্য আমরা গভীর কৃতজ্ঞতা এবং ভালোবাসা প্রকাশ করছি।"
রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ আবেগঘন কণ্ঠে যোগ করেন, "রিয়াল মাদ্রিদ সবসময়ই আলাবার নিজের বাড়ি হয়ে থাকবে।"
আগামী শনিবার অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে চলতি মৌসুমের শেষ হোম ম্যাচ খেলবে রিয়াল মাদ্রিদ। সেই ম্যাচের আগেই সান্তিয়াগো বার্নাব্যুতে আলাবাকে একটি জাঁকজমকপূর্ণ বিদায়ী সংবর্ধনা দেওয়া হবে। ক্লাব ফুটবলের পাঠ চুকিয়েই আলাবা উড়াল দেবেন মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডার উদ্দেশ্যে। সেখানে আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিতব্য ফুটবল বিশ্বকাপে অস্ট্রিয়া জাতীয় দলকে অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেবেন তিনি।