ধ্রুব নিউজ ডেস্ক
একটি বাসে আগুন দিয়ে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা ছবি: সংগৃহীত
সোমবার সন্ধ্যায় হঠাৎ করেই রাজধানী ঢাকাজুড়ে অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে দুর্বৃত্তরা। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বাসে আগুন দেওয়া, দোকানপাটে অগ্নিসংযোগ এবং একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনায় পুরো নগরীতে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে দাঁড়িয়ে থাকা ‘লাব্বাইক পরিবহন’–এর একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। প্রায় একই সময়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন সাউথইস্ট ইউনিভার্সিটির সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর মেলেনি।
এদিকে ঢাকার সিএমএম (চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট) আদালত প্রাঙ্গণেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় সতর্ক অবস্থানে থাকা পুলিশ সদস্যরা ধাওয়া দিয়ে ঘটনাস্থল থেকেই দুজনকে হাতেনাতে আটক করতে সক্ষম হন।
মিরপুর বাঙলা কলেজ ক্যাম্পাসের মূল ফটকে ককটেল বিস্ফোরণের পাশাপাশি সংলগ্ন কয়েকটি দোকানে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। অন্যদিকে রাজধানীর অন্যতম ব্যস্ত রুট ও দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত পোস্তগোলা সেতুর ওপর দুটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে দুষ্কৃতকারীরা।
শিক্ষাঙ্গন ও ব্যস্ত এলাকাগুলোতেও নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা চালানো হয়। মালিবাগ মোড়ের একটি গ্যাস পাম্পের সামনে দুটি তাজা ককটেল পড়ে থাকতে দেখা যায়। একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি সংলগ্ন এলাকায় ককটেল ভর্তি একটি পরিত্যক্ত ব্যাগ উদ্ধার করা হয়। খবর পেয়ে শাহবাগ থানা পুলিশ ও বোম্ব ডিসপোজাল ইউনিটের বিশেষজ্ঞ সদস্যরা বৈরী আবহাওয়া ও বৃষ্টির তোয়াক্কা না করেই উদ্ধার তৎপরতা চালান। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার করা বস্তুগুলো পরীক্ষা-নিরীক্ষা শেষে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
সব মিলিয়ে এক সন্ধ্যার ব্যবধানে রাজধানীর বিভিন্ন পয়েন্টে ঘটে যাওয়া এসব সহিংস ও নাশকতাপূর্ণ ঘটনায় সাধারণ পথচারী ও এলাকাবাসীর মধ্যে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অপ্রীতকর পরিস্থিতি এড়াতে নগরীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।