ধ্রুব নিউজ ডেস্ক
বাসার সামনে অপেক্ষায় ছিল স্কুলছাত্রী। হঠাৎ পেছন থেকে এসে ছুরিকাঘাত শুরু করে এক তরুণ ছবি: সংগৃহীত
কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকায় এক মর্মান্তিক ও চাঞ্চল্যকর হামলার ঘটনা ঘটেছে। বাসার সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় এক দশম শ্রেণির স্কুলছাত্রীকে (১৫) ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করেছে এক অজ্ঞাত তরুণ। সোমবার (৯ নভেম্বর) দুপুর ১টা ১১ মিনিটের দিকে ঘটে যাওয়া এই ঘটনায় গুরুতর আহত ছাত্রীকে দ্রুত উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগী শিক্ষার্থী কুষ্টিয়া মিশন স্কুলের দশম শ্রেণির ছাত্রী এবং তার নির্বাচনী (টেস্ট) পরীক্ষা চলছে। তার পরিবার মূলত ফরিদপুর জেলার বাসিন্দা হলেও বাবার চাকরির সূত্রে দীর্ঘ দিন ধরে শহরের থানাপাড়া এলাকার একটি তিনতলা ভবনে ভাড়া থাকেন। তার বাবা একটি ওষুধ প্রস্তুতকারক কোম্পানির কুষ্টিয়া আঞ্চলিক বিপণন প্রতিনিধি হিসেবে কর্মরত।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় জানা যায়, পরীক্ষা শেষ করে দুপুরে বাসায় ফিরে আসে মেয়েটি। বাসার নিচতলায় দাঁড়িয়ে কলবেল বাজানোর মুহূর্তেই আচমকা এক তরুণ এসে পিছন থেকে তার ওপর ঝাঁপিয়ে পড়ে এবং ছুরি দিয়ে এলোপাথাড়ি আঘাত করতে থাকে। আত্মরক্ষার্থে মেয়েটি হাত দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করে এবং চিৎকার জুড়লে হামলাকারী তার চুল ধরে আরও কয়েক দফা আঘাত হানে। মাত্র ৩০ সেকেন্ডের এই তাণ্ডবে মেয়েটি রক্তাক্ত হয়ে সড়কে লুটিয়ে পড়লে অভিযুক্ত তরুণ ছুরিটি ফেলে ঘটনাস্থল থেকে দ্রুত দৌড়ে পালিয়ে যায়।
পাশের ভবনের বাসিন্দা প্রত্যক্ষদর্শী শাহাদাত হোসাইন জানান, ঘটনার সময় তাঁর বোন বারান্দা থেকে চিৎকার উঠালে তিনি দ্রুত বের হয়ে হামলাটি দেখতে পান। মুহূর্তের মধ্যে হামলাকারী সটকে পড়ার পর খবর পেয়ে নিচতলায় নেমে আসেন ভুক্তভোগীর মা। মেয়ের এমন বিভৎস অবস্থা দেখে মা সংজ্ঞাহীন হয়ে পড়েন। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় দ্রুত একটি রিকশায় করে আহত ছাত্রীকে হাসপাতালে পাঠানো হয়।
হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক জাহিদ ইকবাল জানান, কিশোরীর হাতসহ শরীরের অন্তত ছয়টি স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এর মধ্যে তিনটি আঘাত অত্যন্ত গভীর ছিল, যেখানে সেলাই দিতে হয়েছে। বর্তমানে সে আশঙ্কামুক্ত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ঘটনার আকস্মিকতায় হতবাক আহত ছাত্রীর বাবা জানান, পেশাগত কাজে বাইরে থাকাকালীন তিনি এই খবর পান। কোনো শত্রুতা কিংবা মেয়েকে আগে কেউ উত্ত্যক্ত করছিল কি না, সে বিষয়ে পরিবার কিছুই অনুধাবন করতে পারছে না।
এদিকে হামলার ঘটনাটি ভবনের সিসিটিভি ক্যামেরায় স্পষ্টভাবে ধরা পড়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীকে শনাক্ত করা গেছে জানিয়ে কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস্) ফয়সাল মাহমুদ বলেন, ঘটনাস্থল থেকে হামলায় ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত তরুণকে গ্রেফতারে পুলিশের একাধিক দল অভিযান শুরু করেছে।