Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

রংপুরে একদিনে তিন সড়ক দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু

ধ্রুব নিউজ ডেস্ক ধ্রুব নিউজ ডেস্ক
প্রকাশ : রবিবার, ১৫ নভেম্বর,২০২৬, ০৯:৪১ পিএম
রংপুরে একদিনে তিন সড়ক দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু

দুর্ঘটনা কবলিত বাস উদ্ধারে পুলিশের তৎপরতা ছবি: সংগৃহীত

রংপুর জেলার বিভিন্ন স্থানে রোববার (১৫ নভেম্বর) ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত পৃথক তিনটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। জেলার তারাগঞ্জ, গঙ্গাচড়া ও কাউনিয়া উপজেলায় সংঘটিত এসব দুর্ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। এর মধ্যে তারাগঞ্জে চলন্ত বাস থেকে যাত্রীদের ধাক্কা দিয়ে ফেলে হত্যার মতো গুরুতর অভিযোগও উঠেছে।

​নিহতরা হলেন— নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের বসুনিয়াপাড়া এলাকার কালু মিয়ার ছেলে মুকুল ইসলাম (২৮), একই এলাকার লোকমান বসুনিয়ার ছেলে শাকিব বসুনিয়া (২২), নীলফামারীর কিশোরগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষক দীবা রানী সরকার (৪০), কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে কর্মরত আনসার সদস্য মেহেরুল ইসলাম (৩৫) এবং কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাউথোয়া গ্রামের ফুল মিয়ার ছেলে ব্যবসায়ী সাইফুল ইসলাম (৩০)।

রোববার তারাগঞ্জে ঘটে যাওয়া একটি ঘটনায় চলন্ত বাস থেকে ফেলে দিয়ে মুকুল ইসলাম ও শাকিব বসুনিয়া নামে দুই যুবককে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় আতিকুল ইসলাম (৩০) নামে অপর এক যাত্রী গুরুতর আহত হয়ে বর্তমানে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে ঘাতক বাসের চালক আজির উদ্দিন ও তার সহকারী শফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় নিহত মুকুল ইসলামের বাবা মহুবার রহমান ওরফে কালু মিয়া বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

​মামলার তদন্ত কর্মকর্তা ও তারাগঞ্জ হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক শামিদুল্লাহ্ সরকার জানান, এজাহারে যাত্রীদের জিম্মি করে টাকা আদায় এবং পরবর্তীতে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ আনা হয়েছে। অভিযোগের সত্যতা যাচাইয়ে গুরুত্বসহকারে তদন্ত চলছে। অন্যদিকে, তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন জানিয়েছেন, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

রোববার ভোরে রংপুরের পাগলাপীর-গঞ্জীপুর সড়কের চেয়ারম্যান মোড় এলাকায় একটি যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কলেজশিক্ষক দীবা রানী সরকার ও আনসার সদস্য মেহেরুল ইসলাম নিহত হন এবং আরও অন্তত চারজন যাত্রী আহত হন। গঙ্গাচড়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জনক রায় প্রত্যক্ষদর্শীদের বরাতে জানান, নীলফামারীর জলঢাকা থেকে ছেড়ে আসা একটি দ্রুতগতির বাস চেয়ারম্যান মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আনসার সদস্য মেহেরুল ইসলাম প্রাণ হারান। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় অন্যদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিক্ষক দীবা রানী সরকারের মৃত্যু হয়।

দিনের তৃতীয় দুর্ঘটনাটি ঘটে রোববার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের কাউনিয়া উপজেলার ভেলুপাড়া বাজার সংলগ্ন এলাকায়। সেখানে দ্রুতগতির একটি ট্রাকের ধাক্কায় সাইফুল ইসলাম নামে এক মোটরসাইকেল আরোহী ও ব্যবসায়ী নিহত হন। কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদল কুমার মন্ডল জানান, সন্ধ্যায় সাইফুল ইসলাম কুড়িগ্রামের রাজারহাট থেকে মোটরসাইকেলযোগে রংপুরের দিকে আসছিলেন। পথিমধ্যে ভেলুপাড়া বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তার মোটরসাইকেলটিকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে ওসি নিশ্চিত করেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সম্পর্কিত

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)