ধ্রুব নিউজ ডেস্ক
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান ছবি: সংগৃহীত
মানবতাবিরোধী অপরাধের মতো গুরুতর মামলার আসামি হওয়া সত্ত্বেও বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসানকে কেন হাতকড়া ছাড়া আদালতে হাজির করা হচ্ছে, তা নিয়ে জাতীয় সংসদে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা। রোববার সংসদের অধিবেশনে পয়েন্ট অফ অর্ডারে বিষয়টি উত্থাপন করে তিনি আদালত প্রাঙ্গণে জিয়াউল আহসানের আচরণের কড়া সমালোচনা করেন। এর জবাবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান সংসদকে আশ্বস্ত করে জানিয়েছেন, ভবিষ্যতে জিয়াউল আহসান আর এমন কোনো সুযোগ পাবেন না এবং একজন কুখ্যাত অপরাধীর প্রাপ্য আচরণেই তাঁকে আদালতে নেওয়া হবে।
গুমের শিকার বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদী লুনা সংসদে বলেন, সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় জিয়াউল আহসানের যে অঙ্গভঙ্গি ও ঔদ্ধত্যপূর্ণ আচরণ দেখা গেছে, তা দেখে মনে হয়েছে তিনি কোনো আনন্দভ্রমণে বের হয়েছেন এবং পুলিশ যেন তাঁকে বিশেষ প্রটোকল দিচ্ছে। হাতকড়া কিংবা ডান্ডাবেড়ি ছাড়াই এমন একজন অভিযুক্তকে আদালতে নেওয়ার দৃশ্য দেখে ভুক্তভোগী পরিবারগুলো চরমভাবে মর্মাহত, উদ্বিগ্ন ও আতঙ্কিত। সরকার তাঁকে নিয়ন্ত্রণ করতে পারছে না, নাকি তাঁর প্রতি বিশেষ মানবিকতা দেখানো হচ্ছে—এমন প্রশ্নও তোলেন তিনি। উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার শাসনামলে গুম ও খুনের অভিযোগে জিয়াউল আহসানের বিচার চলছে। গত বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজির করার সময় চোখে রোদচশমা পরে এবং পরিপাটি বেশে পুলিশ বেষ্টিত হয়ে হাঁটার সময় তিনি সাংবাদিকদের উদ্দেশে ‘জয় আমাদের হবেই’ বলে মন্তব্য করেন। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে গুম-খুনের শিকার পরিবার ও জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
তাহসিনা রুশদীর বক্তব্যের পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জানান, বিষয়টি পয়েন্ট অফ অর্ডারের আওতায় না পড়লেও এর গুরুত্ব বিবেচনায় আইনমন্ত্রী উত্তর দিতে পারেন। এরপর ফ্লোর নিয়ে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, একজন কুখ্যাত অপরাধীকে যেভাবে আদালতে নিয়ে যাওয়া উচিত, আগামীতে ঠিক সেভাবেই তাঁকে নেওয়া হবে। আদালত অঙ্গনে এ ধরনের ঘটনার আর কোনো পুনরাবৃত্তি ঘটবে না বলে তিনি সংসদকে নিশ্চয়তা দেন। ন্যায়বিচার যেন কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয়, সেদিকে সরকার সজাগ দৃষ্টি রাখছে বলেও উল্লেখ করেন তিনি।
বিচার প্রক্রিয়ার অগ্রগতি তুলে ধরে আইনমন্ত্রী আরও জানান, ট্রাইব্যুনালে যাদের হাজির করা হচ্ছে, তাদের বিরুদ্ধে থাকা সব ধরনের অকাট্য সাক্ষ্য-প্রমাণ আদালতে উপস্থাপন করা হচ্ছে, যা পৃথিবীর যেকোনো আদালতে আসামিদের সাজা নিশ্চিত করার জন্য যথেষ্ট। বিগত ১৬-১৭ বছরে সংঘটিত প্রতিটি গুম, খুন ও গায়েবি মামলার পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানে নিহত এবং চোখ, হাত, কান হারানো ও অঙ্গহানির শিকার হওয়া প্রতিটি মানুষের জন্য সরকার ন্যায়বিচার নিশ্চিত করবে। এছাড়া, জুলাই অভ্যুত্থানের সময় ঢাকার বাইরের বিভিন্ন জেলায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের তদন্তে ট্রাইব্যুনালের প্রধান তদন্ত কর্মকর্তার নেতৃত্বে একটি বিশেষ দল মাঠে নামবে বলে জানান আইনমন্ত্রী। সেই সময় কোন কোন সরকারি কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং রাজনৈতিক কর্মীর যোগসাজশ ও প্রশ্রয়ে এসব অপরাধ ঘটেছে, তাও পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে দেখা হবে।