নিজস্ব প্রতিবেদক
ছবি: ধ্রুব নিউজ
যশোরের শার্শায় পুলিশের পৃথক দুটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। অভিযানে ৯৯ বোতল মাদকদ্রব্য কাশির সিরাপ ও ৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে শার্শা থানা পুলিশ।
শনিবার (১৪ নভেম্বর) রাতে উপজেলার পশ্চিমকোটা ও শিকারপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ১১টায় শার্শা থানার উপপরিদর্শক (এসআই) শেখ আল আমিনের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার ৭ নম্বর কায়বা ইউনিয়নের পশ্চিমকোটা মাঝেরপাড়া গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় শাহজাহান সরদারের বসতবাড়ির শয়নকক্ষের সামনে থেকে তার ছেলে ফয়সাল আহম্মেদ ইমনকে (২২) গ্রেপ্তার করা হয়। পরে তার বসতঘরের শয়নকক্ষের খাটের নিচে তল্লাশি চালিয়ে ৭৯ বোতল উইনসেরেক্স ও ২০ বোতল ইস্কুফ কাশির সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধার করা সিরাপের মোট পরিমাণ ৯৯ বোতল।
অন্যদিকে, রাত ১১টা ৪৫ মিনিটে শার্শা থানার উপপরিদর্শক (এসআই) মো. শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশের আরেকটি দল উপজেলার শিকারপুর এলাকায় অভিযান চালায়। শিকারপুর বাজারের বটতলা থেকে নারিকেলবাড়িয়াগামী পাকা সড়কে আলা নামের এক ব্যক্তির চায়ের দোকানের সামনে স্থানীয় জনগণের সহায়তায় মো. শিপন মোড়লকে (৪৩) গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ফয়সাল আহম্মেদ ইমন পশ্চিমকোটা মাঝেরপাড়া গ্রামের মো. শাহজাহান সরদারের ছেলে। অপর আসামি শিপন মোড়ল শিকারপুর পূর্বপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
পুলিশ জানায়, গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে রোববার (১৫ নভেম্বর) তাদের উদ্ধার করা মাদকদ্রব্যসহ বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
মাদকদ্রব্যের বিস্তার ও মাদক কারবারিদের বিরুদ্ধে শার্শা থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।