ধ্রুব ডেস্ক
বস্তুগুলো ‘জয় বাংলা’ লেখা সাদা কাগজে মোড়ানো ছিল ছবি: সংগৃহীত
মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামে তিনটি বাড়ির সামনে থেকে তিনটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) সকালে ককটেল সদৃশ বস্তুগুলো উদ্ধার করা হয়। বস্তুগুলো ‘জয় বাংলা’ লেখা সাদা কাগজে মোড়ানো ছিল।
বুড়িপোতা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন বলেন, সকালে ঘুম থেকে উঠে বাইরে বের হওয়ার সময় তার বাড়ির গেটে লাল টেপ দিয়ে মোড়ানো একটি ককটেল সদৃশ বস্তু দেখতে পান। সেটি হাতে লেখা ‘জয় বাংলা’ লেখা একটি কাগজে মোড়ানো ছিল। পরে স্থানীয় লোকজন জড়ো হলে জানতে পারেন একই ধরনের বস্তু বুড়িপোতা ইউনিয়নের গোভীপুর গ্রামের চার নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আসাদুল হক খোকন ও ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমানের বাড়ির সামনেও একই ধরনের বস্তু রেখে যায় কে বা কারা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ককটেল সদৃশ বস্তুগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় ওই তিন পরিবারের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়ে ককটেল সাদৃশ্য বস্তুগুলো উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এই ঘটনায় যারা জড়িত, তাদের দ্রুত আটকের চেষ্টা করা হচ্ছে।