কোটচাঁদপুর প্রতিনিধি
ছবি: ধ্রুব নিউজ
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনো পক্ষকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মাঠ ছেড়ে দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও ঝিনাইদহ জেলা শুরা সদস্য, মহেশপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা অধ্যক্ষ আব্দুল হাই।
তিনি বলেছেন, “আসন্ন সকল পর্যায়ের স্থানীয় নির্বাচনে শহীদের রক্তে অর্জিত এই ময়দান বিনা চ্যালেঞ্জে বাতিলের হাতে ছেড়ে দেওয়া হবে না। জীবনের সর্বোচ্চ চেষ্টা দিয়ে হলেও বিজয় নিশ্চিত করতে হবে। এ জন্য প্রত্যেক নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে ঝিনাইদহের কোটচাঁদপুরে আল ফালাহ ইসলামি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী কোটচাঁদপুর উপজেলা শাখা আয়োজিত মাসিক রুকন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুল হাই আরও বলেন, “আমরা জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। মাদক ও চাঁদাবাজিমুক্ত একটি আধুনিক, উন্নত ও নিরাপদ কোটচাঁদপুর গড়ে তুলতে চাই। এ লক্ষ্য বাস্তবায়নে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ইনশাআল্লাহ, জনগণের প্রত্যাশা পূরণে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।”
উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ও অন্যান্য বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মোয়াবিয়া হোসেন, মাওলানা মতিউর রহমান খান, উপজেলা সেক্রেটারি শাহাবুদ্দিন খান এবং পৌর মেয়র পদপ্রার্থী সহকারী অধ্যাপক মুহাম্মদ শরিফুল ইসলাম প্রমুখ।
সমাবেশে বক্তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার, নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা এবং আগামী দিনের রাজনৈতিক ও নির্বাচনী প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে উপজেলা ও পৌর শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।