ধ্রুব নিউজ ডেস্ক
চাঁদপুরে জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি ও শহীদদের স্মরণে নির্মিত ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ। ছবি: সংগৃহীত
চাঁদপুরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি ও শহীদদের স্মরণে নির্মিত ‘৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ নাশকতামূলক অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে একদল দুর্বৃত্ত স্মৃতিস্তম্ভটির বেদিতে পেট্রোল ও টায়ার ব্যবহার করে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে স্মৃতিস্তম্ভটির নিচের অংশে বেশ ক্ষয়ক্ষতি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এবং স্থানীয়দের ধারণ করা ভিডিও চিত্রে দেখা যায়, আগুন লাগিয়ে দিয়েই দুর্বৃত্তরা দ্রুত স্থান ত্যাগ করে।
ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা ফায়ার সার্ভিসে খবর দিলে দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীরা তাৎক্ষণিক দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ও সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় বর্তমানে শহীদ মিনার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংবাদের সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। দুর্বৃত্তরা আগুন লাগিয়েই সটকে পড়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্তকরণ ও গ্রেপ্তারে পুলিশের অভিযান পরিচালিত হচ্ছে।