ধ্রুব নিউজ
ছবি: প্রতীকী
সাতক্ষীরার কলারোয়ায় প্রবাসীর স্ত্রীর দগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যার দিকে উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের রায়টা নতুন বাজারের ওয়াহেদের মোড় এলাকার একটি বাড়ি থেকে ওই লাশ উদ্ধার হয়। এ নিয়ে এলাকায় রহস্য ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
দগ্ধ হয়ে নিহত শারমীন সুলতানা (৩০) ওই গ্রামের আব্দুল হান্নানের স্ত্রী। আব্দুল হান্নান মালয়েশিয়া প্রবাসী। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। চাঞ্চল্যকর এ ঘটনার পর এলাকায় রহস্যের জন্ম দিয়েছে। একটি জীবন্ত মানুষ কোন চিৎকার চেঁচামেচি ছাড়া কিভাবে এ রকম দগ্ধ হয়ে মারা যেতে পারেন! এটা পরিকল্পিত হত্যা কিনা তা নিয়ে এলাকার মানুষের মাঝে প্রশ্ন দেখা দিয়েছে।
এদিকে কলারোয়া থানার ওসি এইচএম শাহীন জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়ির রান্না ঘরে মহিলার দগ্ধ লাশ দেখতে পায়। বৈদ্যুতিক সর্টসার্কিট বা চুলার আগুন থেকে দগ্ধ কিনা সেটা নিশ্চিত হওয়া যায়নি। সিআইডি ও ফরেনসিক টিম আলামত সংগ্রহের পর আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানা যায়। তদন্ত চলছে।
ধ্রুব/এস.আই