ধ্রুব ডেস্ক
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। যোগদানের অপেক্ষায় থাকা ১৪ হাজার শিক্ষকের পদায়নের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সোমবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
ববি হাজ্জাজ বলেন, ১৪ হাজারের বেশি যে নিয়োগ হবে, তার জন্য সব বদলি এখন স্থগিত। ১৪ হাজারের পদায়ন হয়ে গেলে নতুন করে বদলি আবার চালু হবে।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে সুপারিশ করা ১৪ হাজার ৩৮৪ জনকে ১ অক্টোবর সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করার নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। ৪ অক্টোবর এই প্রার্থীদের পদায়ন দেওয়া হবে।
আগে অনলাইনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বদলি প্রক্রিয়ার আবেদন গ্রহণ ও নিষ্পত্তি হলেও গত ২১ জুন এ পদ্ধতিতে পরিবর্তন আনে মন্ত্রণালয়। ওই দিন মন্ত্রণালয়ের এক আদেশে শিক্ষক বদলির আবেদন যাচাই-বাছাই ও নিষ্পত্তির জন্য জাতীয়, বিভাগীয়, জেলা, উপজেলা বা থানা পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষকের পদ শূন্য বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, প্রধান শিক্ষক পদে পদোন্নতি ও নিয়োগের বিষয়ে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সঙ্গে আলোচনা চলছে।
আগামী বছর অর্থাৎ ২০২৭ সাল থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিল চালু হবে বলেও আশা করেন প্রতিমন্ত্রী।