নিজস্ব প্রতিবেদক
কেশবপুরের সন্যাসগাছা গ্রামে জসিম বিশ্বাসকে কুপিয়ে হত্যাচেষ্টার মামলায় পিতা ইউসুফ বিশ্বাস ও ছেলে আব্দুল কাদের বিশ্বাসকে ভিন্ন ভিন্ন মেয়াদে মোট সাড়ে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার যশোর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম এক রায়ে এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তদের বাড়ি কেশবপুর উপজেলার সন্যাসগাছা গ্রামে।
মামলার বিবরণ অনুযায়ী, ভুক্তভোগী জসিম বিশ্বাসের পিতা আয়ুব আলী বিশ্বাসের সাথে আসামি পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আসামিরা তাদের গোয়ালঘরের মলমূত্র ও নোংরা পানি আয়ুব বিশ্বাসের ঘরের দেওয়ালে ফেললে তাতে বাধা দেওয়া হয়। এর জেরে ২০২২ সালের ২৮ আগস্ট সকালে আসামিরা আয়ুব বিশ্বাসের বাড়িতে হামলা চালায় এবং তার ছেলে জসিম বিশ্বাসকে কুপিয়ে মারাত্মক জখম করে। গুরুতর আহত জসিমকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় আদালতে দায়েরকৃত আবেদনটি পরবর্তীতে কেশবপুর থানায় নিয়মিত মামলা হিসেবে রুজু হয়। তদন্ত শেষে কেশবপুর থানার উপপরিদর্শক (এসআই) আজিজুর রহমান আসামি ইউসুফ বিশ্বাস ও আব্দুল কাদের বিশ্বাসকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।
দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আসামি ইউসুফ বিশ্বাসের বিরুদ্ধে ৩২৫ ধারার অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে ৪ বছর সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। অপরদিকে আসামি আব্দুল কাদের বিশ্বাসের বিরুদ্ধে ৩২৩ ধারার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে দেড় বছর সশ্রম কারাদণ্ড, ১ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
রায়ের সময় সাজাপ্রাপ্ত দুই ভাই আদালতে অনুপস্থিত ও পলাতক ছিলেন।