নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন মেয়েকে দেখতে এসে সংঘবদ্ধ চোরচক্রের খপ্পরে পড়ে চেতনানাশক খাইয়ে স্বর্ণালংকার খোয়ানোর অভিযোগ উঠেছে জীবন নেছা (৬৫) নামে এক বৃদ্ধার বিরুদ্ধে।
বুধবার (১৯ আগস্ট) দুপুর ১টার দিকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের (সিসিইউ) তিন তলায় এই চুরির ঘটনা ঘটে।
ভুক্তভোগী জীবন নেছা যশোর জেলার চৌগাছা উপজেলার বেড় গোবিন্দপুর গ্রামের আব্দুর রশিদের স্ত্রী। তিনি হাসপাতালে চিকিৎসাধীন তার মেয়ে আমেনাকে দেখার জন্য এসেছিলেন।
ভুক্তভোগী ও স্বজনদের সূত্রে জানা যায়, হাসপাতালে অবস্থানকালে অজ্ঞাতনামা এক বা একাধিক ব্যক্তি কৌশলে জীবন নেছাকে ফুসলিয়ে সিসিইউ ভবনের তৃতীয় তলায় নিয়ে যায়। সেখানে তাঁকে নেশাজাতীয় বা চেতনানাশক দ্রব্য খাইয়ে অচেতন করে ফেলে রাখা হয়। পরবর্তীতে তার গলায় থাকা স্বর্ণের চেইন এবং হাতের স্বর্ণের রুলি খুলে নিয়ে চোরচক্রের সদস্যরা চম্পট দেয়।
পরে স্বজন ও স্থানীয়রা বৃদ্ধাকে উদ্ধার করে একই হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার বিষয়ে হাসপাতাল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং পুলিশকে জানানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে অপরাধীদের চিহ্নিত করতে এবং আইনগত ব্যবস্থা গ্রহণে কাজ করছে পুলিশ।