কোটচাঁদপুর প্রতিনিধি
ঝিনাইদহের জোহান ড্রীম ভ্যালি পার্কে অনুষ্ঠিত হয়েছে ‘মাইন্ড জিনিয়াস চেস একাডেমি আন্তর্জাতিক র্যাপিড দাবা টুর্নামেন্ট’। ছবি: ধ্রুব নিউজ
ঝিনাইদহের জোহান ড্রীম ভ্যালি পার্কে অনুষ্ঠিত হয়েছে ‘মাইন্ড জিনিয়াস চেস একাডেমি আন্তর্জাতিক র্যাপিড দাবা টুর্নামেন্ট’। রোববার (৯ আগস্ট) ঝিনাইদহ দাবা উন্নয়ন সংস্থার আয়োজন ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টে অনূর্ধ্ব-১৪ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন দাবাড়ু হুনায়েফ জাহান রাবিদ। অন্যদিকে, বিভাগীয় পর্যায়ের বয়সভিত্তিক দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন ক্যান্ডিডেট মাস্টার (সিএম) আবজিদ রহমান।
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুলনা, ফরিদপুর, যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া ও মাগুরা—এই ৮টি জেলার মোট ৭৭ জন ক্ষুদে দাবাড়ু এতে অংশ নেন।
খেলা শেষে বিজয়ী ২৬ জন দাবাড়ুকে নগদ অর্থ পুরস্কার দেওয়া হয়। এছাড়া অংশ নেওয়া ৭৭ জন খেলোয়াড়ের সবাইকে ট্রফি, টি-শার্ট ও সম্মাননা সনদপত্র দেওয়া হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোয়াজ্জেম হোসেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষক মাজিদুল হক নয়ন, গোল্ডেন এগ্রোভেটের প্রতিনিধি জাহিদ হাসান, লাইফওয়ে ক্লাবের সভাপতি নজরুল ইসলাম, দাবা উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক ও টুর্নামেন্ট অর্গানাইজার হুমায়ুন কবীর, গ্লোরি এগ্রোপেস্ট-এর নির্বাহী পরিচালক আক্তারুজ্জামান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে ডিজিটাল ডিভাইসের আসক্তি থেকে দূরে রেখে বুদ্ধিবৃত্তিক চর্চায় উৎসাহিত করতে দাবার বিকল্প নেই। আয়োজকরা জানান, তৃণমূল থেকে আন্তর্জাতিক মানের দাবাড়ু গড়ে তুলতে এ ধরনের প্রতিযোগিতা নিয়মিত আয়োজন করা হবে।