ক্রীড়া ডেস্ক
অনবদ্য ব্যাটিং-এ এলপিএল এর টিম অব দ্য টূর্নামেন্টে জায়গা করে নিয়েছেন তাওহীদ হৃদয় ছবি: এল পি এল
লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) শিরোপা ছোঁয়া হয়নি জাফনা কিংসের। ফাইনালে গল গ্যালান্টসের কাছে ৫ উইকেটের পরাজয়ে শেষ মুহূর্তে ট্রফি হাতছাড়া করে তারা। দলের হয়ে মাঠ কাঁপিয়েছেন বাংলাদেশের তাওহীদ হৃদয় ও সাকিব আল হাসান। তবে শেষপর্যন্ত দল রানার্সআপ হলেও টুর্নামেন্টজুড়ে অনবদ্য ব্যাটিংয়ে ঠিকই নজর কেড়েছেন হৃদয়। তার এই দুর্দান্ত নৈপুণ্যের স্বীকৃতিস্বরূপ এলপিএলের ঘোষিত সেরা একাদশ তথা ‘টিম অব দ্য টুর্নামেন্ট’-এ জায়গা করে নিয়েছেন এই বাংলাদেশি ব্যাটার। পুরো টুর্নামেন্টের সেরা একাদশে যে তিনজন বিদেশি ক্রিকেটার স্থান পেয়েছেন, হৃদয় তাদের অন্যতম।
অথচ পুরো গল্পের প্রেক্ষাপট অন্যরকম হতে পারতো। টুর্নামেন্টের শুরুতে হৃদয়ের এই আসরে খেলারই কথা ছিল না। আরেক বাংলাদেশি পেসার তাসকিন আহমেদের জায়গায় শেষ মুহূর্তে বদলি খেলোয়াড় হিসেবে জাফনা কিংসে ডাক পান তিনি। তবে সুযোগ কাজে লাগিয়ে প্রথম ম্যাচ থেকেই নিজের কার্যকারিতা প্রমাণ করেন এই তরুণ তুর্কি, যা জাফনার ব্যাটিং লাইনআপকে এক লাফে বহুগুণ শক্তিশালী করে তোলে। মূলত তার বিধ্বংসী ব্যাটিংয়ের ওপর ভর করেই ফাইনালের টিকিট নিশ্চিত করেছিল জাফনা।
টুর্নামেন্টে জাফনা কিংসের হয়ে মোট ৫টি ইনিংসে মাঠে নামার সুযোগ পান হৃদয়। যেখানে ১৯৮.৬৮ অবিশ্বাস্য স্ট্রাইকরেট ও ৭৫.৫০ গড়ে তার ব্যাট থেকে আসে ১৫১ রান। ইনিংসগুলো ছিল যথাক্রমে ৩৫*, ৩১*, ২১, ৫৪* এবং ১০ রানের। প্রতিটি ম্যাচেই আক্রমণাত্মক ভঙ্গিতে দ্রুত গতিতে রান তুলে প্রতিপক্ষ বোলারদের ওপর আধিপত্য বিস্তার করেছেন তিনি।
এলপিএল ‘টিম অব দ্য টুর্নামেন্ট’ একাদশ:
লাহিরু উদারা (ক্যান্ডি রয়্যালস), স্যাম হার্পার (গল গ্যালান্টস), কামিল মিশারা (জাফনা কিংস), চারিথ আসালাঙ্কা (গল গ্যালান্টস), কামিন্দু মেন্ডিস (কলম্বো ক্যাপস), তাওহীদ হৃদয় (জাফনা কিংস), দুনিথ ওয়াল্লালাগে (জাফনা কিংস), ওয়ানুজা সাহান (কলম্বো ক্যাপস), ইশান মালিঙ্গা (গল গ্যালান্টস), লিজাড উইলিয়ামস (জাফনা কিংস) ও নুয়ান থুসারা (ক্যান্ডি রয়্যালস)।