বেনাপোল প্রতিনিধি
ছবি: ধ্রুব নিউজ
যশোরের শার্শায় চাঁদাবাজি, অস্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের একাধিক মামলার আসামি জিল্লুর রহমান ওরফে জিল্লুকে গ্রেপ্তার করেছে শার্শা থানা-পুলিশ। রোববার (৯ আগস্ট) দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জিল্লুর রহমানের বিরুদ্ধে শার্শাসহ বিভিন্ন থানায় অস্ত্র, চাঁদাবাজি, মারামারি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে একাধিক মামলা রয়েছে। এসব মামলার কারণে তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, জিল্লু এলাকায় অবস্থান করছেন—এমন তথ্যের ভিত্তিতে শার্শা থানা-পুলিশের একটি আভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। পরে তাঁকে থানায় নিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করা হয়।
এদিকে জিল্লুর রহমানের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসে। স্থানীয়দের দাবি, জিল্লুর রহমানের অপকর্ম ও প্রভাবে এলাকায় দীর্ঘদিন ধরে আতঙ্ক বিরাজ করছিল। তাঁর বিরুদ্ধে থাকা অভিযোগ ও মামলাগুলোর সুষ্ঠু তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।
শার্শা থানা-পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার জিল্লুর রহমানের বিরুদ্ধে থাকা মামলাগুলোর তথ্য যাচাই-বাছাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।