বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি
বাঘারপাড়ায় অস্ট্রেলিয়ায় চাকরির প্রলোভনে ১২ লাখ টাকা আত্মসাৎ, পাচার মামলায় কাইয়ুম আটক ছবি: বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি
অস্ট্রেলিয়ায় চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ১২ লাখ টাকা আত্মসাৎ ও মানব পাচারের অভিযোগে দায়ের করা মামলার পলাতক আসামি মো. কাইয়ুমকে আটক করেছে পুলিশ। র্যাবের সহযোগিতায় শনিবার (৮ আগস্ট) রাতে ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক কাইয়ুম ঢাকার কেরানীগঞ্জের মুসলিমনগর এলাকার বাসিন্দা। এ মামলার অপর আসামি তার স্ত্রী নূরজাহান বর্তমানে পলাতক রয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৫ জানুয়ারি যশোরের বাঘারপাড়া উপজেলার ঘোপ দুর্গাপুর গ্রামের যুবক সোহেল রানা জুয়েলকে অস্ট্রেলিয়ায় চাকরি দেওয়ার কথা বলে কাইয়ুম ও তার স্ত্রী নূরজাহান ১২ লাখ টাকা নেন। পরে তাকে প্রথমে দুবাই এবং সেখান থেকে কাজাখস্তানে পাঠানো হয়।
এজাহারে অভিযোগ করা হয়েছে, কাজাখস্তানে নেওয়ার পর সোহেল রানা জুয়েলের ওপর নির্যাতন চালানো হয়। একপর্যায়ে তিনি নিঃস্ব অবস্থায় সেখান থেকে পালিয়ে কোনোমতে দেশে ফিরে আসেন।
এ ঘটনায় সোহেল রানা জুয়েলের স্ত্রী মুক্তা বেগম গত ৬ এপ্রিল বাঘারপাড়া থানায় মানব পাচারের অভিযোগে মামলা করেন। মামলায় কাইয়ুম ও তার স্ত্রী নূরজাহানসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়।
বাঘারপাড়া থানার মামলার তদন্ত কর্মকর্তা এসআই মিজানুর রহমান জানান, মামলার অপর আসামি নূরজাহান বর্তমানে দেশের বাইরে রয়েছেন। তিনি দেশে ফিরলে আইন অনুযায়ী তাকে গ্রেপ্তারের ব্যবস্থা করা হবে।
পুলিশ জানিয়েছে, আটক কাইয়ুমকে মামলার পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য আদালতে পাঠানো হবে।