চৌগাছা প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুর উপজেলার কুশাডাঙ্গা প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শন করেছেন মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজ্জাদ হোসেন। ছবি: ধ্রুব নিউজ
ঝিনাইদহের মহেশপুর উপজেলার কুশাডাঙ্গা প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শন করেছেন মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজ্জাদ হোসেন। পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ করেন এবং পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।
পরিদর্শনের সময় ইউএনও বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম, শিক্ষার পরিবেশ, অবকাঠামোগত অবস্থা এবং পুনর্বাসন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে দিকনির্দেশনা দেওয়ার পাশাপাশি ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়ে ইউএনও বলেন, "প্রতিবন্ধী শিশুদের শিক্ষা নিশ্চিত করা শুধু সামাজিক দায়িত্ব নয়, বরং এটি একটি মানবিক কর্তব্য। তাদের মেধা ও সম্ভাবনার বিকাশ ঘটাতে সরকারি ও বেসরকারি সকল মহলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।"
অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি আহমদ আলী, প্রধান শিক্ষক শাহিন আলম, বিশিষ্ট সাংবাদিক জামশেদ আলম বকুল, ম্যানেজিং কমিটির সদস্য শামীম হোসেন, মাসুদ পারভেজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। স্থানীয় সুধীজন প্রশাসনের এ ধরনের উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানান।