কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মো. আবু তালিব। ছবি: ধ্রুব নিউজ
ঝিনাইদহ-৪ নির্বাচনী আসনকে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব মডেল এলাকায় পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেছেন সংসদ সদস্য মো. আবু তালিব। সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এই আসনের চলমান ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড, জনকল্যাণমূলক উদ্যোগ এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
সংসদ সদস্য জানান, বর্তমান সরকারের ইতিবাচক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সাথে একাত্ম হয়ে ঝিনাইদহ-৪ আসনের অবহেলিত জনপদের উন্নয়নে একের পর এক বড় প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
যোগাযোগ ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তনে আইডিআরইউপি (IDRIUP) প্রকল্পের আওতায় কাঁচা রাস্তা কার্পেটিংয়ের জন্য প্রায় ৩০ কোটি টাকার সরকারি বরাদ্দ পাওয়া গেছে। এর মাধ্যমে ২৫ থেকে ২৬ কিলোমিটার গ্রামীণ রাস্তার উন্নয়ন কাজ দ্রুত বাস্তবায়ন করা হবে।
গ্রামীণ অবকাঠামো টেকসই করতে টিআরের ৩০ লক্ষ টাকা, কাবিখার ২৫ লক্ষ টাকা এবং ৪০ টন খাদ্যশস্যের (চাল ও গম) বিশেষ বরাদ্দ পাওয়া গেছে যা দিয়ে গ্রামীণ সড়ক ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রায় ৪০টি প্রকল্পের কাজ শুরু হতে যাচ্ছে। পাশাপাশি বিভিন্ন অঞ্চলে কালভার্ট ও ইউ-ড্রেন নির্মাণ কাজ চলমান রয়েছে।
এলাকার জলাবদ্ধতা নিরসন ও কৃষির উৎপাদন বৃদ্ধিতে ব্যাপক জলমহাল সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে মঙ্গলপৈতা এলাকা থেকে ১২ কিলোমিটার নদী খননের অনুমোদন মিলেছে।
পাশাপাশি চিত্রা নদীর পাড় বাঁধাই করে কালীগঞ্জ শহর এলাকায় একটি আধুনিক ও দৃষ্টিনন্দন বিনোদন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া পরিবেশের ভারসাম্য রক্ষায় পুরো নির্বাচনী এলাকায় ছোট-বড় মোট ২১টি খাল খননের প্রস্তাবনা দেওয়া হয়েছে।
এলাকার শিক্ষা ব্যবস্থার প্রসারে ১৭টি মাদ্রাসা, ৩৫টি মাধ্যমিক বিদ্যালয় এবং ১৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চারতলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণ, ঊর্ধ্বমুখী সম্প্রসারণ ও সংস্কারের বিশাল প্রস্তাবনা পেশ করা হয়েছে। সংসদ সদস্য জোর দিয়ে বলেন, কেবল ভবনের উন্নয়নই নয়, শিক্ষার গুণগত মান নিশ্চিত করে পুরো শিক্ষাব্যবস্থাকে যুগের সাথে তাল মিলিয়ে নতুন রূপে ঢেলে সাজানোই আমাদের মূল লক্ষ্য।
পাশাপাশি ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে ১৬০টি মসজিদ, মন্দির, কবরস্থান, ঈদগাহ ও শ্মশানের প্রতিটির জন্য ন্যূনতম ৩ লক্ষ টাকা করে বরাদ্দের প্রস্তাবনা দেওয়া হয়েছে, যার কাজ খুব দ্রুত শুরু হবে।
কালীগঞ্জবাসীর চিকিৎসাসেবা নিশ্চিত করতে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীতকরণের প্রস্তাব দেওয়া হয়েছে। একই সাথে কালীগঞ্জে নির্মিত ১০ শয্যার শিশু হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালু করার জন্য জোর পরিকল্পনা চলছে। ইউনিয়ন পর্যায়ের উপ-স্বাস্থ্যকেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকগুলোতে পর্যাপ্ত জনবল ও মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছাতে সর্বাত্মক প্রচেষ্টা চলছে বলেও জানান তিনি।
উন্নয়ন কর্মকাণ্ডের খতিয়ান তুলে ধরার পর মাদক, সন্ত্রাস ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে সংসদ সদস্য আবু তালিব দ্ব্যর্থহীন কণ্ঠে বলেন,
"একটি সুস্থ, নিরাপদ ও মেধাবী সমাজ গঠনে মাদক এবং সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের অবস্থান হবে 'জিরো টলারেন্স'। তরুণ প্রজন্মকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে যেকোনো মূল্যে মাদক কারবারি ও অপরাধীদের দমন করা হবে। এ বিষয়ে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।"
তিনি মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে স্থানীয় গণমাধ্যমকর্মীসহ সমাজের সর্বস্তরের মানুষকে একসাথে কাজ করার উদাত্ত আহ্বান জানান।
উল্লেখ্য, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর তহবিল ও ব্যক্তিগত উদ্যোগে এলাকার অসহায় মানুষের মাঝে বিপুল পরিমাণ শাড়ি, লুঙ্গি ও ৩০০টি ফুড প্যাক বিতরণ করা হয়েছে।
সংসদ সদস্য আশাবাদ ব্যক্ত করে বলেন,"জনগণের সহযোগিতা এবং সাংবাদিকদের ইতিবাচক ভূমিকার মাধ্যমে ঝিনাইদহ-৪ আসনকে একটি স্বপ্নের মডেল হিসেবে গড়ে তুলতে আমরা সক্ষম হব, ইনশাআল্লাহ।"
ধ্রুব/এস.আই