❒ ভবদহ পানি নিষ্কাশন ও কৃষি জমি রক্ষা জোটের মতবিনিময় সভা
অভয়নগর প্রতিনিধি
শোরের অভয়নগরে লাখো মানুষের জীবন-জীবিকার উৎস ভৈরব নদীকে দূষণমুক্ত রাখতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ছবি: ধ্রুব নিউজ
যশোরের অভয়নগরে লাখো মানুষের জীবন-জীবিকার উৎস ভৈরব নদীকে দূষণমুক্ত রাখতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ মে শনিবার দুপুরে অভয়নগরের বন্ধু কল্যাণ সংস্থার অডিটোরিয়ামে ভবদহ পানি নিষ্কাশন ও কৃষি জমি রক্ষা জোটের উদ্যোগে এবং বেলার সহযোগিতায় এই সভা অনুষ্ঠিত হয়।
জোটের সভাপতি সাবেক অধ্যক্ষ মতলেব আলী সরদারের সভাপতিত্বে এবং সদস্য সচিব অধ্যক্ষ আব্দুল লতিফের সঞ্চালনায় সভায় জোট নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা অভয়নগরের চামড়া শিল্প প্রতিষ্ঠান এস এ এফ-এর বর্জ্য সরাসরি নদীতে ফেলায় সৃষ্ট তীব্র দূষণ সংকটের কথা তুলে ধরেন। তারা অভিযোগ করেন, হাইকোর্টের রায় অমান্য করে দীর্ঘদিন ধরে পানি পরিশোধন (রিফাইন) না করেই বিষাক্ত বর্জ্য নদীতে ফেলা হচ্ছে। সভায় এ সংক্রান্ত একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। বক্তারা সতর্ক করে বলেন, এভাবে চলতে থাকলে নদী মরে যাবে এবং এর ফলে ঐতিহ্যবাহী শিল্প ও বাণিজ্য নগরী নওয়াপাড়া অচল হয়ে পড়বে।
নদী দূষণের অন্যান্য কারণ হিসেবে বাজারের পশুপাখি জবাই করা বর্জ্য, গৃহস্থালি বর্জ্য, কার্গো জাহাজের বর্জ্য, ক্লিনিক্যাল বর্জ্য ও মরা পশু নদীতে ফেলার চিত্রও উঠে আসে। এ সংকট থেকে উত্তরণে বক্তারা বেশ কিছু সুপারিশ তুলে ধরেন। যার মধ্যে রয়েছে—এস এ এফ কর্তৃপক্ষের সঙ্গে পুনরায় আলোচনা, সামাজিক সচেতনতা ও গণআন্দোলন গড়ে তোলা, স্থানীয় সংসদ সদস্য ও প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপি প্রদান, নিয়মিত নদী ড্রেজিং এবং প্রয়োজনে রাজপথে মানববন্ধনের কর্মসূচি।
অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন, আঞ্চলিক পরিচালক (বেলা) মাহফুজুর রহমান মুকুল, (ভবদহ পানি নিষ্কাশন ও কৃষি জমি রক্ষা জোটের সভাপতি সাবেক অধ্যক্ষ মতলেব আলী সরদার, সদস্য সচিব অধ্যক্ষ আব্দুল লতিফ, নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন প্রিন্স, (নওয়াপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি নজরুল ইসলাম মল্লিক, সাংবাদিক জাহিদ মাসুদ তাজ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোল্লা হাবিবুর রহমান হাবিব, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এমাদ উদ্দিন গাজী, সাধারণ সম্পাদক, সহকারী অধ্যাপক হাবিবুর রহমান, সাবেক চেয়ারম্যান ফিরোজ আলম, অভয়নগর কলেজ শিক্ষক সমিতির সেক্রেটারি ও বিএনপি নেতা: সহকারী অধ্যাপক নুরজালাল বন্ধুকল্যাণ সংস্থার পরিচালক ফারুক হোসেন, সদস্য মহাসিন হোসেন, চঞ্চল রায় প্রমুখ।