কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
বাইফা অ্যাওয়ার্ড জিতলেন ফেসবুক পেজ ‘চিত্ত মিডিয়া’র জুয়েল রানা। ছবি: ধ্রুব নিউজ
বাংলাদেশ ইনস্টিটিউট অব ফিল্ম অ্যান্ড আর্টস (বাইফা) অ্যাওয়ার্ড ২০২৬’র আসরে ‘সেরা কন্টেন্ট ক্রিয়েটর’ হিসেবে পুরস্কার জিতে নিয়েছেন ঝিনাইদহের কৃতি সন্তান এবং জনপ্রিয় ফেসবুক পেজ ‘চিত্ত মিডিয়া’র কর্ণধার জুয়েল রানা। চলচ্চিত্র, টেলিভিশন, ওটিটি, সঙ্গীত ও ডিজিটাল কন্টেন্টের ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে জুয়েল রানার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।
রাজধানীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত এই আয়োজনে দেশের বিনোদন জগতের শীর্ষ তারকা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ঝিনাইদহের আঞ্চলিক সংস্কৃতি, সামাজিক সচেতনতা এবং বিনোদনমূলক ভিন্নধর্মী কন্টেন্ট নির্মাণের মাধ্যমে ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করায় তাকে এই পুরস্কারে ভূষিত করা হয়।
জুয়েল রানার এই অর্জনে উচ্ছ্বসিত তার জন্মভূমি ঝিনাইদহের সাধারণ মানুষ ও সংস্কৃতিমনা মহল। এলাকাবাসী মনে করছেন, এই জাতীয় পর্যায়ের স্বীকৃতি জেলার তরুণ কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য এক বিশাল অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
পুরস্কার প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় জুয়েল রানা বলেন, "এই অর্জন শুধু আমার একার নয়, এটি পুরো ঝিনাইদহবাসীর। যারা শুরু থেকে ‘চিত্ত মিডিয়া’র পাশে থেকে আমাকে ভালোবাসা দিয়েছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আর বিশেষ করে আমার স্ত্রীকে ধন্যবাদ জানাই যার জন্য আজ আমি এতোদুরে আসতে পেরেছি। বাইফা কর্তৃপক্ষের এই সম্মাননা ভবিষ্যতে আরও মানসম্মত ও শিক্ষামূলক কন্টেন্ট তৈরির দায়িত্ব বাড়িয়ে দিল।"
উল্লেখ্য, বাইফা অ্যাওয়ার্ড বাংলাদেশের বিনোদন শিল্পের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার হিসেবে স্বীকৃত। প্রতি বছর চলচ্চিত্র, ফ্যাশন এবং ডিজিটাল মিডিয়ার বিভিন্ন শাখায় অসামান্য অবদানের জন্য এই সম্মাননা প্রদান করা হয়।
জুয়েল রানার এই সাফল্যে ঝিনাইদহের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন তাকে অভিনন্দন জানিয়েছে।
ধ্রুব/এস.আই