নিজস্ব প্রতিবেদক
রোববার দুপুরে যশোর সিভিল সার্জন অফিসের সভাকক্ষে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা হয়। ছবি: ধ্রুব নিউজ
যশোর জেলায় হাম ও রুবেলা রোগ প্রতিরোধে আগামীকাল সোমবার (২০ এপ্রিল) থেকে শুরু হচ্ছে টিকাদান ক্যাম্পেইন (২য় পর্যায়)। আগামী ১০ মে পর্যন্ত চলমান এই কর্মসূচিতে জেলার ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশুকে এক ডোজ হাম-রুবেলা টিকা প্রদান করা হবে।
রোববার দুপুরে যশোর সিভিল সার্জন অফিসের সভাকক্ষে আয়োজিত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এসব তথ্য জানানো হয়।
সভায় সিভিল সার্জন ডা. মাসুদ রানা জানান, হাম ও রুবেলা অত্যন্ত সংক্রামক রোগ। এই রোগ থেকে শিশুদের সুরক্ষা দিতে টিকাদান অত্যন্ত জরুরি। এ বছর জেলার ৭টি উপজেলার মোট ২ লাখ ৮৪ হাজার শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জেলার ২ হাজার ২৫৬টি স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রে এই কর্মসূচি পরিচালিত হবে।
সিভিল সার্জন আরও জানান, যশোরে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ৩৭২ জন শিশুকে সন্দেহভাজন হাম রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ল্যাব পরীক্ষায় ২৫ জনের শরীরে হামের অস্তিত্ব নিশ্চিত হওয়া গেছে। তবে জেলায় এ রোগে এখন পর্যন্ত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
এর আগে বাংলাদেশের উচ্চ ঝুঁকিপূর্ণ জেলাগুলোর অংশ হিসেবে যশোর সদর ও পৌরসভায় বিশেষ কর্মসূচি পালন করা হয়েছিল, যেখানে প্রায় ৭৪ হাজার ৪০০ শিশুকে টিকা দেওয়া হয়েছে। এবারের ক্যাম্পেইনে সদর উপজেলা বাদে বাকি এলাকাগুলোতে প্রায় ২ লাখ ১০ হাজার শিশুকে টিকার আওতায় আনা হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, টিকাদানের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। প্রয়োজনীয় লজিস্টিক ও ভ্যাকসিন মজুত রয়েছে। যশোর সদর ও পৌরসভার বাদ পড়া শিশুরা আগামী ২৮ এপ্রিল পর্যন্ত সংশ্লিষ্ট স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবে।
সিভিল সার্জন কোনো প্রকার গুজবে কান না দিয়ে শিশুদের সুস্থ ও নিরাপদ রাখতে অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলকে এই টিকাদান কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন।