নিজস্ব প্রতিবেদক
ভোজ্য তেল ক্রয়-বিক্রয়ে অনিরাপদ ড্রামের ব্যবহার পর্যায়ক্রমে বন্ধ করার লক্ষ্যে যশোরে বিশেষ কর্মশালা অনুষ্ঠিত । ছবি: ধ্রুব নিউজ
ভোজ্য তেল ক্রয়-বিক্রয়ে অনিরাপদ ড্রামের ব্যবহার পর্যায়ক্রমে বন্ধ করার লক্ষ্যে যশোরে এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ-এর যৌথ আয়োজনে সোমবার সকালে যশোর ক্লাবের লাক্সারি কনভেনশন হলে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক ফারুক আহম্মেদ। তিনি তার বক্তব্যে বলেন," নিরাপদ ভোজ্য তেল এবং ভোক্তা অধিকার নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। জনস্বাস্থ্যের ঝুঁকি কমাতে অনিরাপদ ড্রামের ব্যবহার বন্ধ করে সিলগালা করা বোতল বা স্বাস্থ্যসম্মত পাত্রে ভোজ্য তেল বিপণন নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।"
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ইরুফা সুলতানা-র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং কনসালটেন্ট, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুশতাক হাসান মুহ. ইফতিকার, যশোরের সিভিল সার্জন ডাক্তার মাসুদ রানা, যশোর জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা দেলোয়ার হোসেন খোকন, যশোর চেম্বার অফ কমার্সের সেক্রেটারি তানভিরুল ইসলাম সোহান এবং প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।
এছাড়া উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যশোর কার্যালয়ের সহকারী পরিচালক সেলিমুজ্জামান ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাগুরা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। দিন ব্যাপি ভিন্ন শ্রেণী পেশার মানুষদের নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ধ্রুব/এস.আই