নিজস্ব প্রতিবেদক
প্রেসক্লাব যশোরে আতিকুর রহমান সেন্টুর সংবাদ সম্মেলন ছবি: ধ্রুব নিউজ
যশোরের চৌগাছা পৌরসভার সাধারণ হাট ইজারাকে কেন্দ্র করে চাঁদা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগে থানায় এজাহার দায়ের করা হয়েছে। উপজেলার নিরিবিলিপাড়া গ্রামের ব্যবসায়ী মো. আতিকুর রহমান সেন্টু বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে আজ দুপুরে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করেন তিনি।
সংবাদ সম্মেলনে জানানো্ হয়, ব্যবসায়ী আতিকুর রহমান সেন্টু গত ৫ মার্চ ২০২৬ তারিখে ১ কোটি ৯৬ লাখ ৯৪ হাজার ৭৫০ টাকায় ১৪৩৩ বঙ্গাব্দের জন্য চৌগাছা পৌরসভার সাধারণ হাটের ইজারা লাভ করেন। অভিযোগ অনুযায়ী, ইজারা পাওয়ার পর থেকেই স্থানীয় একটি চক্র তাঁর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা তাঁকে ও তাঁর কর্মীদের বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শনসহ খাজনা আদায়ে বাধা দেওয়ার হুমকি দেয়।
এজাহারে অভিযুক্তরা হলেন— মো. শুকুর আলী (৪৫), কাঠগড়া কলেজের সহকারী অধ্যাপক ডিএম হাফিজুর রহমান (৫০), মো. আব্দুর রহিম (৫২), মো. মাসুদ (৪০), মো. উজ্জ্বল হোসেন (৩৮) এবং অজ্ঞাতনামা আরও ৮-১০ জন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ১৪ এপ্রিল থেকে অভিযুক্তরা জোরপূর্বক হাটের কাঁচাবাজার, মাছ বাজার ও ফুটপাত থেকে প্রায় এক লাখ টাকা চাঁদা আদায় করেছে। এরই ধারাবাহিকতায় ১৮ এপ্রিল সকাল ৯টার দিকে খাজনা আদায়কারী মো. আরিফুল ইসলাম অসিম মাছ বাজারে গেলে অভিযুক্তরা তাঁকে গালিগালাজ করে রশিদ বই ছিনিয়ে নেয় এবং বাজার এলাকা থেকে বের করে দেয়।
ভুক্তভোগী ব্যবসায়ী জানান, বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করেও ব্যর্থ হয়ে তিনি আইনের আশ্রয় নিয়েছেন। তিনি বর্তমানে জানমালের নিরাপত্তা ও সরকারি ইজারাকৃত হাটের শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে চৌগাছা থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।