Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

নিউজিল্যান্ডকে দুর্বল ভাবার সুযোগ নেই: মেহেদী হাসান মিরাজ

ক্রীড়া ডেস্ক ক্রীড়া ডেস্ক
প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল,২০২৬, ০৯:৫৯ পিএম
নিউজিল্যান্ডকে দুর্বল ভাবার সুযোগ নেই: মেহেদী হাসান মিরাজ

মেহেদী হাসান মিরাজ ছবি: সংগৃহীত

নিজেদের ঘরোয়া ক্রিকেটের সাফল্য ও পরিকল্পনাকে আন্তর্জাতিক মঞ্চে কাজে লাগাতে চান কিউই অধিনায়ক টম ল্যাথাম। নিউজিল্যান্ডের বর্তমান দলটি খাতা-কলমে কিছুটা খর্বশক্তির হলেও তাদের হালকাভাবে নিচ্ছেন না বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। অন্যদিকে, কিউই অধিনায়ক টম ল্যাথাম মনে করেন, তার দলের অনভিজ্ঞ ক্রিকেটারদের উচিত হবে ঘরোয়া ক্রিকেটের সাফল্যের সূত্রগুলো এখানে প্রয়োগ করা।

মিরাজ ও ল্যাথাম—দুজনের জন্যই এই ওয়ানডে সিরিজটি ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ এক মোড়ে দাঁড়িয়ে। ল্যাথাম সম্প্রতি দল থেকে বাদ পড়ার পর আবারও মিডল অর্ডারে নিজের জায়গা প্রমাণের সুযোগ পাচ্ছেন। অন্যদিকে, টানা দুটি ওয়ানডে সিরিজ জিতলেও অধিনায়ক হিসেবে মিরাজের সামর্থ্য নিয়ে এখনো আলোচনা-সমালোচনা চলছে।

সিরিজ শুরুর আগের দিন মিরাজ বলেন, "নিউজিল্যান্ডকে আমরা কোনোভাবেই দুর্বল দল হিসেবে দেখছি না। ফলাফল নিজেদের পক্ষে আনতে আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। পেশাদার ক্রিকেটারদের কাছে প্রতিটি ম্যাচই সমান গুরুত্বপূর্ণ, আর র‍্যাঙ্কিং পয়েন্টের বিষয়টি এই সিরিজকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় আমাদের জন্য বড় অর্জন হবে। বাংলাদেশ দল এখন দারুণ ছন্দে আছে এবং গত দুটি সিরিজ জয় প্রমাণ করে যে দলের সবার মধ্যে বোঝাপড়াটা বেশ ভালো।"

ল্যাথাম তার দলের ক্রিকেটারদের নির্দেশ দিয়েছেন ঘরোয়া ক্রিকেটের পরিকল্পনাগুলো এই তিন ম্যাচের সিরিজে কাজে লাগাতে। তার মতে, তার দলটিকে পুরোপুরি 'অনভিজ্ঞ' বলা যাবে না, কারণ দলের প্রায় সবাই এর আগে নিউজিল্যান্ডের হয়ে অন্তত কয়েকবার মাঠে নেমেছেন।

ল্যাথাম বলেন, "আমাদের লক্ষ্য হলো প্রত্যেকে যেন তাদের নিজস্ব দক্ষতা তুলে ধরতে পারে। আমাদের খেলার একটি নির্দিষ্ট ধরন বা ব্লুপ্রিন্ট আছে, কিন্তু আমি চাই ছেলেরা যেন নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে যেভাবে পারফর্ম করে এসেছে, এখানেও ঠিক সেভাবেই খেলুক। তারা যদি তা করতে পারে, তবেই সাফল্যের সেরা সুযোগ তৈরি হবে।"

তিনি আরও যোগ করেন, "স্কোয়াডের প্রত্যেকেই কোনো না কোনো সময় নিউজিল্যান্ডের প্রতিনিধিত্ব করেছে। তাই আন্তর্জাতিক ক্রিকেটের চাপ সম্পর্কে তাদের ধারণা আছে, যদিও অভিজ্ঞদের তুলনায় তারা ম্যাচ কম খেলেছে। আমরা চাই তারা নিজেদের ওপর বিশ্বাস রাখুক এবং স্বাভাবিক খেলাটা খেলুক।"

বাংলাদেশের পেস ও স্পিন আক্রমণ সম্পর্কে নিউজিল্যান্ড যে বেশ সতর্ক, সেটিও স্পষ্ট করেন ল্যাথাম। গত মাসে পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয় এনে দেওয়া টাইগার পেস ত্রয়ীকে তিনি যেমন সম্মান করছেন, তেমনি কন্ডিশন বিবেচনায় স্পিন নিয়েও সজাগ আছেন।

ল্যাথাম বলেন, "বাংলাদেশের পেস আক্রমণে তাসকিন, মুস্তাফিজ এবং নাহিদ রানার মতো বোলার আছে, যারা এই কন্ডিশনে বেশ অভিজ্ঞ। বিশেষ করে রানা গত কয়েক মৌসুমে নিজের সামর্থ্য দেখিয়েছে। তবে আমরা সবকিছুর জন্যই প্রস্তুত। উইকেট দেখে ভালো মনে হচ্ছে, কিন্তু আমরা জানি এখানে স্পিন বড় ভূমিকা রাখে। বাংলাদেশ বর্তমানে দারুণ ক্রিকেট খেলছে, তাই আমাদের সামনে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে।"

এদিকে উইকেটের ধরন যাই হোক না কেন, ব্যাটারদের পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার ওপর জোর দিয়েছেন মিরাজ। তিনি বলেন, "আমরা আশা করছি পাকিস্তানের বিপক্ষে সিরিজের মতো ভালো উইকেটে খেলতে পারব। তবে মনে রাখতে হবে, সেই সিরিজে উভয় দলই অন্তত একবার অল্প রানে অলআউট হয়েছিল। তাই উইকেট যেমনই হোক, ক্রিকেটাররা সেখানে নিজেদের কীভাবে সামলে নিচ্ছে সেটাই বেশি গুরুত্বপূর্ণ।"

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)