ক্রীড়া ডেস্ক
এই সিজনে সিএসকের হয়ে পাঁচটি ম্যাচ খেলেছেন খলিল ছবি: বিসিসিআই
আইপিএল ২০২৬ আসরের মাঝপথেই বড় ধাক্কা খেল চেন্নাই সুপার কিংস (CSK)। চোটের কারণে টুর্নামেন্টের বাকি অংশ থেকে ছিটকে গেছেন দলটির বাঁহাতি পেসার খলিল আহমেদ। এই খবর নিশ্চিত করেছেন সিএসকে সিইও কাসি বিশ্বনাথন।
কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে গত ম্যাচে নিজের শেষ ওভার করার সময় কোয়াড্রিসেপস পেশিতে চোট পান ২৮ বছর বয়সী এই পেসার। মাঠ ছাড়ার আগে নিজের কোটার শেষ বলটিও করতে পারেননি তিনি। খলিলের এই বিদায়ে চেন্নাইয়ের পেস বিভাগ বড় সংকটে পড়ল। এর আগে তারা হারিয়েছে নাথান এলিসকে, আর তার বদলি হিসেবে আসা স্পেন্সার জনসনও চোটের কারণে এখনো দলের সাথে যোগ দিতে পারেননি।
কাসি বিশ্বনাথন জানিয়েছেন, ক্যাপ্টেন রুতুরাজ গায়কোয়াড ও কোচ স্টিফেন ফ্লেমিংয়ের সাথে আলোচনা করে দ্রুতই খলিলের বদলি খেলোয়াড় ঠিক করা হবে।
শুধু পেস বিভাগ নয়, খলিলকে হারানো চেন্নাইয়ের দুশ্চিন্তার বড় কারণ হয়ে দাঁড়িয়েছেন মহেন্দ্র সিং ধোনি। ৪৪ বছর বয়সী এই কিংবদন্তি মরসুম শুরুর আগেই কাফ ইনজুরিতে (পেশির টান) ভুগছেন। নেটে হালকা ব্যাটিং শুরু করলেও তিনি এখনো পুরোপুরি ম্যাচ-ফিট নন। আগামী ১৮ এপ্রিল (শনিবার) সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচেও ধোনির খেলার সম্ভাবনা ক্ষীণ। আজ দল হায়দরাবাদের উদ্দেশ্যে রওনা দিলেও ধোনি দলের সাথে যাবেন কি না, তা এখনো নিশ্চিত করেননি।
আরসিবি-র ডিজে-র বিরুদ্ধে চেন্নাইয়ের নালিশ
মাঠের লড়াইয়ের পাশাপাশি মাঠের বাইরের একটি ঘটনা নিয়েও সরব হয়েছে চেন্নাই। গত ৫ এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) বিপক্ষে ম্যাচে চিন্নাস্বামী স্টেডিয়ামের ডিজে-র আচরণ নিয়ে বিসিসিআই-এর কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে সিএসকে।
সিইও বিশ্বনাথন জানান, ওই ডিজে-র মন্তব্য ছিল উসকানিমূলক এবং দর্শকদের খেপিয়ে তোলার মতো। বিসিসিআই ইতিমত্যেই বিষয়টি আরসিবি কর্তৃপক্ষকে জানিয়েছে।