Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

জুলাই অভ্যুত্থানে দমন-পীড়নে নেতৃত্ব দেওয়া সেনা কর্মকর্তা ও স্ত্রী বরখাস্ত

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : সোমবার, ১৬ নভেম্বর,২০২৬, ১১:৩৩ পিএম
জুলাই অভ্যুত্থানে দমন-পীড়নে নেতৃত্ব দেওয়া সেনা কর্মকর্তা ও স্ত্রী বরখাস্ত

ছবি: সংগৃহীত

জুলাই ২০২৪-এর গণ-অভ্যুত্থানের সময় বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়নে সেনাদের নেতৃত্ব দেওয়া ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেন এবং তার স্ত্রী লেফটেন্যান্ট কর্নেল ফাতিমা জোহরা খানমকে চাকরি থেকে বরখাস্ত করেছে বাংলাদেশ সেনাবাহিনী। রাষ্ট্রবিরোধী তৎপরতা, দুর্নীতি ও অব্যাখ্যাত সম্পদের অভিযোগে তদন্তের পর এই সিদ্ধান্ত এসেছে।
গত রোববার সেনাসদরের মিলিটারি সেক্রেটারির শাখা ১২ নভেম্বর পৃথক আদেশে এই দুই কর্মকর্তাকে বরখাস্ত করে। ১৭ নভেম্বর অপরাহ্ণ থেকে দুটি বরখাস্তই কার্যকর হবে। এর মধ্য দিয়ে তাদের সামরিক চাকরির আনুষ্ঠানিক অবসান ঘটবে। সেনা সূত্র আমার দেশকে বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, শেখ হাসিনা সরকারের পতন ঘটানো জুলাই অভ্যুত্থানের সময় জাকারিয়া বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পক্ষে অবস্থান নিয়েছিলেন। তার স্ত্রী ফাতিমার নামে বিপুল সম্পদ নিবন্ধিত থাকার বিষয়টি কর্তৃপক্ষ শনাক্ত করার পর তিনি তদন্তের আওতায় আসেন। অভিযোগ রয়েছে, এসব সম্পদের সন্তোষজনক কাগজপত্র দেখাতে বা অর্থের উৎস ব্যাখ্যা করতে ব্যর্থ হন এই দম্পতি। বাংলাদেশ মিলিটারি একাডেমির ২৯তম দীর্ঘমেয়াদি কোর্সের কর্মকর্তা জাকারিয়া ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের সময় ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ার্স ব্রিগেডের অধিনায়ক ছিলেন।

আরও জানা গেছে, ঢাকা সেনানিবাসভিত্তিক এই ফরমেশন সরাসরি সেনাসদরের অধীনে পরিচালিত হতো। ২০২৪ সালের ১৯ জুলাই বিক্ষোভ তীব্র হলে হাসিনা সরকার কারফিউ জারি করে সেনা মোতায়েন করে। ব্রিগেডিয়ার জেনারেল ইমরান হামিদের নেতৃত্বাধীন ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের সদস্যদের সঙ্গে জাকারিয়ার ব্রিগেডের সেনা সদস্যরাও ঢাকাজুড়ে মোতায়েন ছিলেন।

একই সময়ে আবাসিক এলাকায় ব্লক রেইডসহ নিরাপত্তা অভিযান চলছিল। সন্ধ্যার পর নিরাপত্তা বাহিনীর সদস্যরা বিভিন্ন এলাকা ঘিরে ফেলে বাড়ি বাড়ি তল্লাশি চালান এবং শিক্ষার্থী ও বিরোধী দলের কর্মীদের আটক করেন। আটক ব্যক্তিদের অনেককে পরে আগে দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ওই সময়ে ঢাকায় অন্তত ২ হাজার ৪১৬ জনকে গ্রেপ্তার করা হয়।

ভিডিও ফুটেজে সামরিক সদস্যদের উপস্থিতিতে গ্রেপ্তারের দৃশ্য দেখা গেছে। ওই প্রতিবেদনে সংশ্লিষ্ট দুই ব্রিগেডের অধিনায়ক হিসেবে জাকারিয়া ও ইমরানকে চিহ্নিত করা হয়। জাকারিয়ার সম্পৃক্ততা কেবল মোতায়েন সেনাদের নেতৃত্ব দেওয়ার মধ্যে সীমাবদ্ধ ছিল না।

তাদের দাবি, বিক্ষোভ দমনে তিনি ব্যক্তিগতভাবে কঠোর ব্যবস্থার পক্ষে অবস্থান নিয়েছিলেন। জানা যায়, অভ্যুত্থানকালীন আচরণ নিয়ে অভিযোগের পরিপ্রেক্ষিতে ২০২৫ সালের ৫ এপ্রিল ইমরানসহ আরও চার কর্মকর্তার সঙ্গে জাকারিয়াকে ঢাকা সেনানিবাসে গৃহবন্দি করা হয়। ২০২৬ সালের নভেম্বর নাগাদ জাকারিয়াকে ব্রিগেডের অধিনায়কত্ব থেকে সরিয়ে কোনো ফরমেশনের দায়িত্ব ছাড়াই সেনাসদরে সংযুক্ত রাখা হয়।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)