ধ্রুব নিউজ
আজ সোমবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন শামা ওবায়েদ ইসলাম ছবি: সংগৃহীত
ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে নয়াদিল্লির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক শর্ত দেওয়া হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি স্পষ্ট করেছেন, ভারত সরকারের দায়িত্বশীল কোনো পর্যায় থেকে আনুষ্ঠানিক প্রস্তাব বা শর্ত এলে ঢাকা তার যথাযথ জবাব দেবে। সোমবার (১৬ নভেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি সরকারের এই অবস্থান তুলে ধরেন।
সম্প্রতি আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি বাংলার এক প্রতিবেদনে দাবি করা হয়েছিল, শেখ হাসিনাকে হস্তান্তরের ক্ষেত্রে ভারত দুটি শর্তের ইঙ্গিত দিয়েছে। প্রথমত, তিনি যেহেতু বাংলাদেশ সামরিক বাহিনীর বিমানে করে ভারতে গিয়েছিলেন, তাই তাঁকে ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়াটিও সেনাবাহিনীর মাধ্যমেই সম্পন্ন করতে হবে। দ্বিতীয়ত, জুলাই গণহত্যার মামলায় ঘোষিত মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের সুযোগ এবং তাঁর বিচার প্রক্রিয়া নতুন করে শুরু করার নিশ্চয়তা দিতে হবে বাংলাদেশ সরকারকে। তবে দিল্লিতে নিয়মিত ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এ প্রতিবেদনের বিষয়ে কোনো মন্তব্য করেননি।
বিবিসির এই প্রতিবেদনের প্রসঙ্গ টেনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, দেশের প্রচলিত আইনে এ ধরনের প্রতিবেদনের কোনো ভিত্তি নেই এবং এটি ভারত সরকারের কোনো দায়িত্বশীল সূত্র থেকে আসেনি। গণমাধ্যমে প্রকাশিত ভিত্তিহীন খবরের পেছনে সময় ব্যয় করার সুযোগ সরকারের নেই উল্লেখ করে তিনি জানান, ভারতের সঙ্গে এই দুই শর্তের বিষয়ে কোনো পর্যায়েই আলোচনা হয়নি। তবে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হলে বাংলাদেশ তা গ্রহণ করবে এবং সে অনুযায়ী পদক্ষেপ নেবে।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে শেখ হাসিনা বর্তমানে বিদেশে অবস্থান করছেন উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, তাঁকে দেশে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়াগুলো আইন মন্ত্রণালয় পর্যালোচনা করছে। সরকারের প্রত্যাশা, বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির (এক্সট্রাডিশন ট্রিটি) আওতায় অন্যান্য সাধারণ আসামির মতোই তাঁকে দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করা হবে। এ ক্ষেত্রে ভারতের ইতিবাচক সাড়া ও রাজনৈতিক সদিচ্ছা থাকলে বাংলাদেশ সরকার ও জনগণের জন্য প্রক্রিয়াটি সহজ হবে বলে তিনি মন্তব্য করেন।
তবে শেখ হাসিনা ইস্যুটিকেই বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্কের একমাত্র মাপকাঠি হিসেবে দেখতে নারাজ পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি স্মরণ করিয়ে দেন, মহান মুক্তিযুদ্ধের সময় থেকে শুরু হওয়া দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক অত্যন্ত গভীর এবং যেকোনো একক ইস্যুর চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। দুই প্রতিবেশী দেশের মধ্যে থাকা অমীমাংসিত বিষয়গুলো কূটনৈতিক আলোচনার মাধ্যমেই সমাধান করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও অস্থিতিশীলতা প্রসঙ্গে শামা ওবায়েদ অভিযোগ করেন, অতীতেও আওয়ামী লীগ দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে এবং বর্তমানে যে জ্বালাও-পোড়াও চলছে, তার পেছনেও দলটির হাত রয়েছে। বিদেশের মাটিতে বসে একটি দল যখন দেশের ভেতরে এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করে, তখন সরকার হিসেবে তা মোকাবিলা করা অত্যন্ত জরুরি হয়ে পড়ে বলে তিনি মন্তব্য করেন।
এ ছাড়া বাংলাদেশ ও ভারতের মধ্যকার আসন্ন কনস্যুলার সংলাপ নিয়ে সংবাদমাধ্যমে ভুল তথ্য প্রকাশিত হয়েছে বলে দাবি করেন প্রতিমন্ত্রী। তিনি জানান, এই সংলাপটি সচিব পর্যায়ে অনুষ্ঠিত হওয়া প্রয়োজন। তাই উভয় পক্ষের সম্মতিতেই সংলাপটি কিছুদিন পর আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।