নিজস্ব প্রতিবেদক
ছবি: ধ্রুব নিউজ
যশোরের চৌগাছায় দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌগাছা উপজেলা শাখা।
সোমবার (১৬ নভেম্বর) বাদ আসর চৌগাছা কামিল মাদ্রাসা থেকে মিছিলটি শুরু হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোর্শেদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন নায়েবে আমির মাওলানা নুরুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাস্টার রহিদুল ইসলাম খান ও মাস্টার কামাল আহমেদ বিশ্বাস এবং পৌর জামায়াতের আমির মাওলানা আব্দুল খালেকসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে সন্ত্রাস ও নাশকতার অভিযোগ তুলে এর প্রতিবাদ জানান। তাঁরা দেশের শান্তিশৃঙ্খলা রক্ষা এবং যেকোনো ধরনের নাশকতা প্রতিহত করতে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নুরুজ্জামান আল মামুন। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার জামায়াতের নেতাকর্মীরা অংশ নেন।