আন্তর্জাতিক ডেস্ক
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল ছবি: সংগৃহীত
সম্প্রতি ভারতের নয়াদিল্লিতে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ঘটনাকে কেন্দ্র করে ঢাকা ক্ষোভ প্রকাশ করলেও বিষয়টিতে ভারত সরকারের কোনো হাত ছিল না এবং শেখ হাসিনার কোনো বক্তব্য সরকার সমর্থন করে না বলে জানিয়েছে দিল্লি।
আজ শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে শেখ হাসিনার বক্তব্য রাখা প্রসঙ্গে রণধীর জয়সওয়াল ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, ‘শেখ হাসিনার ওই সংবাদ সম্মেলনের ক্ষেত্রে সরকারের কোনো ভূমিকা ছিল না। এটি সম্পূর্ণ একটি বেসরকারি সংবাদমাধ্যমের পক্ষ থেকে আয়োজিত অনুষ্ঠান ছিল। আর সেই প্ল্যাটফর্মে যে বিষয়গুলো নিয়ে কথা হয়েছে—বিশেষ করে বাংলাদেশের বৈধভাবে গঠিত সরকার সম্পর্কে ওই অনুষ্ঠানে যা বলা হয়েছে, ভারত সরকার তার কোনো বক্তব্যকে সমর্থন করে না।’
এর আগে, শেখ হাসিনা ভারতে বসে যাতে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে বা দেশের বিরুদ্ধে বক্তব্য দিতে না পারেন, সে বিষয়ে আগেভাগেই দিল্লিকে সজাগ থাকার অনুরোধ জানিয়েছিল বাংলাদেশ সরকার। কিন্তু তা সত্ত্বেও নয়াদিল্লিতে তিনি সরাসরি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বক্তব্য দিলে বিষয়টি নিয়ে গভীর দুঃখ ও কড়া প্রতিবাদ জানায় ঢাকা। বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছিল, জুলাই বিপ্লবের বার্ষিকীতে ভারতের মাটিতে দাঁড়িয়ে এমন বক্তব্য দেওয়া বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি চরম আঘাত।