নিজস্ব প্রতিবেদক
কামরুল ইসলাম ছবি: ধ্রুব নিউজ
যশোরের চিহ্নিত সন্ত্রাসী কামরুল ওরফে খোঁড়া কামরুলের অস্ত্র মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার রিমান্ড আবেদনের শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল এই আদেশ দেন। অভিযুক্ত কামরুল যশোর শহরতলীর খোলাডাঙ্গা এলাকার আব্দুল আজিজের ছেলে।
গত ৩১ মে যশোরের অন্যতম শীর্ষ সন্ত্রাসী, হত্যাসহ ২০টি মামলার আসামি কামরুল ওরফে খোঁড়া কামরুলকে শহরের মিশনপাড়ার একটি ভাড়া বাড়ি থেকে আটক করা হয়। এর আগে, গত ৬ এপ্রিল শহরের তন্নি ইলেকট্রনিক্স থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় খালিদুর রহমান টিটু ও শেখ মইন উদ্দিন ফেরদৌস নামে দুইজনকে আটক করেছিল পুলিশ। পরবর্তীতে তাদের দেওয়া স্বীকারোক্তিমূলক তথ্যের ভিত্তিতেই কামরুলকে আটক করে আদালতে সোপর্দ করা হয়।
এই অস্ত্র মামলার তদন্তকারী কর্মকর্তা আসামি কামরুলের ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছিলেন। সোমবার রিমান্ড শুনানির নির্ধারিত দিনে বিচারক আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।