বেনাপোল(যশোর) সংবাদদাতা
ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণের দাবিতে বেনাপোলে গ্রাহকদের মানববন্ধন ছবি: ধ্র্রুব নিউজ
ইসলামী ব্যাংক বাংলাদেশের বর্তমান চেয়ারম্যানকে অপসারণ, গ্রাহকদের আমানতের সুরক্ষা নিশ্চিতকরণ এবং ব্যাংকের স্বার্থ রক্ষার দাবিতে বেনাপোলে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন গ্রাহকরা। সোমবার বেলা সাড়ে ১০টার দিকে বেনাপোলে ইসলামী ব্যাংকের শাখার সামনে এ কর্মসূচির আয়োজন করে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম, বেনাপোল।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদ ও চেয়ারম্যানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরে তাদের অপসারণের দাবি জানান। একই সঙ্গে তারা গ্রাহকদের আমানতের নিরাপত্তা নিশ্চিত করা, ব্যাংকের স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা এবং এস আলম গ্রুপ ও তাদের সহযোগীদের বয়কটের আহ্বান জানান।
কর্মসূচিতে বক্তারা গ্রাহকদের ওপর পুলিশের কথিত হামলার নিন্দা জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি করেন। একই সঙ্গে তারা ইসলামী ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি প্রতীকীভাবে এক ঘণ্টার ‘কলম বিরতি’পালনের আহ্বান জানান। মানববন্ধনে স্থানীয় গ্রাহক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম, বেনাপোলের পক্ষ থেকে মতিউর রহমান, আব্দুল হামিদ , ইলিয়াস মাওলানা, মাওলানা আব্দুর রহিম, মোহাম্মাদ ইয়ানুর প্রমুখ এই মান্ববন্ধনে বক্তব্য দেন।
ধ্রুব/টিএম