নিজস্ব প্রতিবেদক
যশোরে পৃথক ঘটনায় মাদক সেবন, বহন ও তার চুরির চেষ্টাকালে হাতেনাতে আটক ৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন একদিনের বিচারিক আদালত। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাকিব আহম্মেদ ইমন পৃথক রায় ঘোষণা করে আসামীদের এই সাজা দেন।
সাজাপ্রাপ্তরা হলেন— শহরের ঘোপ সেন্ট্রাল রোডের সুমনের বাড়ির ভাড়াটিয়া মৃত কালু শেখের ছেলে আকিল, যশোর সদর উপজেলার মোবারককাঠি গ্রামের আবু জাফরের ছেলে বোরহান উদ্দিন, বাঘারপাড়া উপজেলার কোটারাকান্দি গ্রামের বাসিন্দা ও বর্তমানে যশোর উপশহরের ই-ব্লকের বাসিন্দা মৃত আলতাফ হোসেনের ছেলে রুমান হোসেন এবং কেশবপুর উপজেলার মূলগ্রামের মৃত পরিতোষ নন্দের ছেলে জয়ন্ত নন্দী ও মৃত আব্দুল হালিম মোড়লের ছেলে রায়হান হোসেন। (তথ্যসূত্রে অপর একজনের নাম উল্লেখ করা হয়নি)।
মামলার বিবরণী থেকে জানা যায়, ৮ অক্টোবর সকাল ৬টার দিকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের নার্স কোয়ার্টারের নিচতলা থেকে বৈদ্যুতিক কাটআউট খুলে তার চুরির চেষ্টাকালে আকিলকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। পুলিশ এ ঘটনায় মামলা করে প্রতিবেদনসহ তাকে আদালতে তোলে। শুনানি শেষে আসামী নিজের দোষ স্বীকার করায় বিচারক তাকে দুই মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।
অন্যদিকে, ৭ অক্টোবর রাতে মোবারককাঠি গ্রামের মনিহার তেল পাম্পের পূর্ব পাশে যশোর-খুলনা মহাসড়ক থেকে ৫ পিস ইয়াবাসহ বোরহান উদ্দিনকে আটক করা হয়। পুলিশ মামলা দিয়ে প্রতিবেদনসহ আদালতে সোপর্দ করলে শুনানি শেষে আসামী দোষ স্বীকার করায় আদালত তাকে ৩ মাসের সশ্রম কারাদণ্ড, এক হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
৮ অক্টোবর রাত দেড়টার দিকে শহরের বড়বাজারের মাড়ুয়া মন্দিরের গেটের সামনে থেকে ২ পিস ইয়াবাসহ রুমান হোসেনকে আটক করে পুলিশ। আদালতে সোপর্দ করার পর শুনানি শেষে আসামী অপরাধ স্বীকার করায় বিচারক তাকে ২ মাসের সশ্রম কারাদণ্ড, এক হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
এছাড়া ৭ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৫টার দিকে কেশবপুর উপজেলার মূলগ্রামে আক্তারের বাড়ির সামনের ইটের সলিং রাস্তা থেকে জয়ন্ত ও রায়হানকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তারা ইয়াবা সেবনের কথা স্বীকার করলে পুলিশ তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠায়। শুনানিতে আসামীরা দোষ স্বীকার করায় বিচারক তাদের প্রত্যেককে ১ মাস ১৫ দিন করে সশ্রম কারাদণ্ড, ৫০০ টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও ৩ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
সাজাপ্রাপ্ত আসামীদের যশোর কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।