নিজস্ব প্রতিবেদক
মনিরামপুরে প্রতারণার অভিযোগে আদম ব্যবসায়ী বুলবুল আটক ছবি: নিজস্ব প্রতিবেদক
যশোরের মনিরামপুরে বিদেশে লোক পাঠানোর নামে প্রতারণা ও নির্যাতনের অভিযোগে বুলবুল হোসেন মাতবর নামে এক আদম ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আটক বুলবুল হোসেন মনিরামপুর উপজেলার সুন্দলপুর গ্রামের মৃত মুজিবর মোল্ল্যার ছেলে। পুলিশের দাবি, তিনি দীর্ঘদিন ধরে তার শ্যালক শাহিন হোসেনের মাধ্যমে সৌদি আরবে লোক পাঠানোর ব্যবসা করতেন। সুন্দলপুর ও আশপাশের এলাকার প্রায় ২০ থেকে ২৫ জনকে সৌদি আরবে পাঠানোর পর তাদের অনেকেই আকামা পাননি। আবার কেউ কেউ কাজ পেলেও বেতন-ভাতা ভোগ করতে পারেননি বলে অভিযোগ রয়েছে।
মামলার অভিযোগে বলা হয়েছে, সৌদি আরবে কর্মরত ব্যক্তিদের বেতনের টাকা বুলবুলের শ্যালক শাহিন হোসেন তুলে নিতেন। বেতনের টাকা চাইলে সৌদি কফিলের মাধ্যমে তাদের ওপর বিভিন্নভাবে নির্যাতন চালানো হতো। সুন্দলপুর গ্রামের নয়ন হোসেনকে ২০২৫ সালের ২৮ ডিসেম্বর সৌদি আরবে নিয়ে একটি কক্ষে আটকে রেখে শারীরিক নির্যাতন করা হয়। এ সময় তার পাসপোর্ট ও অন্যান্য কাগজপত্র নিয়ে ৩ লাখ টাকা দাবি করা হয়। পরে নয়নের মা নগদ ৫০ হাজার টাকা বুলবুলের হাতে এবং ব্যাংকের মাধ্যমে আরও ১ লাখ ২০ হাজার টাকা দেওয়ার পর তাকে চলতি বছরের ২৫ দেশে পাঠিয়ে দেওয়া হয়।
এ ঘটনায় ভুক্তভোগী নয়ন হোসেন তিনজনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করলে মনিরামপুর থানা পুলিশ অভিযান চালিয়ে বুলবুল হোসেন মাতবরকে আটক করে।
পুলিশ জানিয়েছে, অটক বুলবুলকে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।