শার্শা প্রতিনিধি
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগ, যুবক কারাগারে ছবি: শার্শা প্রতিনিধি
যশোরের শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের ২০ বছর বয়সী এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাঁদের যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন উপজেলার উলাশী ইউনিয়নের গিলেপোল গ্রামের সাহেব আলীর ছেলে আবুল কালাম অপু এবং একই গ্রামের সেকেন্দার বাদশার ছেলে সাব্বির হোসেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার বর্ণমালা বিদ্যাপীঠের পেছনে একটি পুকুরের পূর্বপাড়ে বকতিয়ারের আমবাগানসংলগ্ন বাঁশঝাড়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই তরুণীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।এ ঘটনায় গত মঙ্গলবার ভুক্তভোগীর মা বাদী হয়ে শার্শা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, মামলা দায়েরের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার ভিত্তিতে অভিযুক্ত দুজনকে আটক করে। পরে তাঁদের আদালতের মাধ্যমে যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্তে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।