নিজস্ব প্রতিবেদক
অভয়নগর উপজেলার ধুলিয়াগাতি গ্রামের রিয়াজুল ইসলাম হত্যা মামলার এজাহার থেকে বাদ পড়া তিনজনের বিরুদ্ধে যশোরের আদালতে মামলা হয়েছে। আজ বুধবার (১ জুলাই) নিহতের মা রূপভান বাদী হয়ে এই মামলা করেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা অভিযোগটি গ্রহণ করে অভয়নগর থানায় দায়ের করা মূল মামলার শেষ আদেশ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আদেশের দিন ধার্য করেছেন।
মামলার অভিযোগে জানা গেছে, গত ১৬ জুন রাত আনুমানিক ১০টার দিকে ধুলিয়াগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পূর্ববিরোধের জেরে রিয়াজুল ইসলামের ওপর সংঘবদ্ধ হামলা চালানো হয়। হামলাকারীরা লোহার রড, শাবল ও লাঠিসোটা দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর জখম করে। পরে পুলিশ তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরদিন ১৭ জুন ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩০-৪০ জনকে আসামি করে অভয়নগর থানায় একটি হত্যা মামলা করা হয়। তবে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকা সত্ত্বেও আলমগীর, একরাম ও ইমামুলের নাম অনিচ্ছাকৃতভাবে মূল এজাহারে অন্তর্ভুক্ত হয়নি। বিষয়টি পরে নজরে আসায় তাদের নাম এজাহারে সংযুক্ত করার জন্য আদালতে এই মামলা দায়ের করেন বাদী।